দুবাই, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের রেথিওন কোম্পানির কাছ থেকে ৩ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষেপণাস্ত্র কিনছে ইরানের প্রতিবেশী সংযুক্ত আবর আমিরাত (ইউএই)। একটি পত্রিকা শনিবার এ খবর জানিয়েছে।
অবুধাবি থেকে প্রকাশিত 'দ্য ন্যাশনাল' পত্রিকা জানিয়েছে, প্যট্রিয়ট ক্ষেপণাস্ত্র কিনতে যুক্তরাষ্ট্রের কোম্পানিটির সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের এই চুক্তি হয়েছে।
যুক্তরাষ্ট্র গত সেপ্টেম্বরে জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাতের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং হেলিকপ্টারসহ ৯ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অস্ত্র বিক্রির প্রস্তাব করেছে পেন্টাগন।
পেন্টাগনের এই প্রস্তাবের মধ্যে ছিল প্রায় ৭ বিলিয়ন ডলারের 'টার্মিনাল হাই অলটিচিউট এরিয়া ডিফেন্স' বা টিএইচএএডি। রাডার ব্যবস্থায় রেথিওন কর্পোরেশনের কাছ থেকে সাহায্য নিয়ে এই প্রতিরক্ষা ব্যবস্থাটি তৈরি করেছে লকহিড মার্টিন কোম্পানি।
এছাড়া, পেন্টাগনের প্যাকেজ প্রস্তাবে রেথিওন ও লকহিড মার্টিনকে আরব আমিরাতের কাছে ১২১ মিলিয়ন ডলারের প্যট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি-৩ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রি করতে দেওয়ার সুপারিশ করা হয়েছিল।
'দ্য ন্যাশনাল' পত্রিকা জানায়, "প্রযুক্তি, প্রশিক্ষণ এবং মধ্য-পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার লক্ষ্যেই এই চুক্তি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা জোরদার করতে দেশটির সেনাবাহিনীকে শক্তিশালী করে তোলার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৭৫৯ ঘ.
bdnews24