ওয়াশিংটন, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- চরম অর্থসংকটে দেউলিয়ার উপক্রম হওয়া যুক্তরাষ্ট্রের দুটি বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অবশেষে সরকারের কাছ থেকে ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার পর্যন্ত ঋণ পেতে যাচ্ছে। শুক্রবার জেনারেল মোটরস ও ক্রাইসলারকে এই অর্থ প্রদানের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
ঋণ প্রদানের ব্যাপারে চুক্তি সম্পন্ন হয়েছে জানিয়ে হোয়াইট হাউজ বলেছে, সরকার আশা করছে দ্রুত কোম্পানি দুটি এই অর্থ পেয়ে যাবে।
গাড়ি নির্মাণে যুক্তরাষ্ট্রের আরেকটি বড় কোম্পানি ফোর্ড বলেছে, তাদের তারল্য সংকট আপাতত নেই। তাই এই মুহূর্তে ঋণ নেওয়ার প্রয়োজন নেই।
বুশের রিপাবলিকান দলের অনেক কংগ্রেস সদস্যও এই ঋণ প্রদানের বিরোধিতা করে আসছিলেন। তারা চাইছিলেন, কোম্পানিগুলো সরকারের সহায়তা ছাড়াই সংকট কাটিয়ে উঠুক।
তবে বুশ "কোন উদ্যোগ না নেওয়া হলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দাদশা দীর্ঘায়িত ও গভীর হবে" এই যুক্তি দেখিয়ে বলেছেন, "এই মুহুর্তে আমরা মুক্ত বাজার অর্থনীতিকে তার গতিপথে চলতে দিলে গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানগুলো দেউলিয়া ও ধ্বংস হয়ে যাবে।"
তিনি বলেন, "অর্থনৈতিক সংকটের এই মুহূর্তে গাড়ি কোম্পানিগুলোকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে দায়িত্বজ্ঞানহীন কাজ।"
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান তিনটি কয়েক মাস ধরে মার্কিন কংগ্রেস ও সরকারের কাছে আর্থিক সাহয্যের জন্য ধরণা দিয়ে আসছিল। প্রতিনিধি পরিষদে ১৪ বিলিয়ন ডলারের সাহায্য প্রস্তাব পাশ হলেও সিনেটে তা আটকে যায়।
এর পর হোয়াইট তাদের সাহায্যে এগিয়ে এলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬১৫ ঘ.
bdnews24