ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের প্রেসিডেন্টকে নতুন সন্ত্রাসবিরোধী আইন বাতিলের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ আইন চালু হলে মানবাধিকারের আন্তর্জাতিক মানদণ্ড ক্ষুন্ন হবে বলে অ্যামনেস্টি মন্তব্য করেছে।
মুম্বাই হামলার পর ভারতের তড়িঘড়ি নতুন আইন চালুর পদক্ষেপের জবাবে অ্যামনেস্টি বলেছে, ভারতের আগের সন্ত্রাসবিরোধী আইনগুলোর অভিজ্ঞতায় যা দেখা গেছে তাতে তাদের অপমানকর বা আক্রমণাত্মক পন্থা অবলম্বনের সম্ভাবনা রয়েছে।
ভারতের পার্লামেন্ট বৃহস্পতিবার দুটি সন্ত্রাসবিরোধী বিল পাস করেছে। এর পরদিনই শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে অ্যামনেস্টি বিল দুটি জরুরি ভিত্তিতে পুনপর্যালোচনার জন্য ভারত কর্তৃপক্ষ ও আইনপ্রণেতাদের আহ্বান জানায়।
বেআইনি কার্যকলাপ রোধ আইন সংশোধন করে নতুন দুটি আইন পাস করা হয়েছে। এর আওতায় সন্দেহভাজনদের আটক রাখার সর্বোচ্চ মেয়াদ দ্বিগুণ (৯০ দিনের পরিবর্তে ১৮০ দিন ) হওয়াসহ 'এফবিআই' ধাঁচের জাতীয় তদন্ত সংস্থা গঠন সম্ভব হবে এবং দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের স্বাধীন তদন্তের পথ প্রশস্ত হবে।
কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, "ভারতের প্রেসিডেন্টের উচিত এ আইন বাতিল করা। কারণ, এতে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি লঙ্ঘিত হবে।"
মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর জনরোষের মুখে সন্ত্রাসবিরোধী নতুন আইন দুটি করার প্রস্তাব দেওয়া হয়। নিরাপত্তা তদন্ত কার্যক্রমে ফাঁক থাকার দায়ে পদত্যাগ করেন নিরাপত্তামন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের প্রধান রাজনৈতিক দলগুলো নতুন সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার হবে বলে মনে করছে না।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপপরিচালক মধু মালহোত্রা বলেছেন, "আমরা সন্ত্রাসী হামলার প্রকাশ্য নিন্দা জানানোর পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের কার্যকর পদক্ষেপ নেওয়ার অধিকার ও কর্তব্যের স্বীকৃতি দেই। কিন্তু তা কখনই জনগণের অধিকার ক্ষুন্ন করার কাজে ব্যবহৃত হওয়া উচিত না।"
তিনি বলেন, "সন্ত্রাস দমনে যারা তড়িঘড়ি সন্ত্রাসবিরোধী আইন পাস করেছে সেসব দেশের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, এ ধরনের পদক্ষেপে আইনের শাসন এবং আন্তর্জাতিকভাবে মানবাধিকার ক্ষুন্ন হয়েছে। আর এতে নিরাপত্তাও বাড়েনি। ভারত কর্তৃপক্ষের উচিত সন্ত্রাসী হামলার মুখে আইনের শাসনকে শ্রদ্ধা দেখানো। এজন্য তাদেরকে সন্দেহভাজনদের ১৮০ দিন আটক রাখার মতো আইন পুনপর্যালোচনা করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৫ ঘ.
bdnews24