২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশশাসনের চেয়ে বিদ্রোহের নেতৃত্ব দেওয়া সহজ: প্রচণ্ড

দেশ শাসনের চেয়ে বিদ্রোহী দলের নেতৃত্ব দেওয়া অনেক সহজ। মাওবাদী গেরিলা নেতা থেকে নেপালের প্রধানমন্ত্রী হওয়া প্রচণ্ড বৃস্পতিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2008, 10:39 AM

Updated : 26 Aug 2022, 02:49 PM

কাঠমান্ডু, ১৯ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- দেশ শাসনের চেয়ে বিদ্রোহী দলের নেতৃত্ব দেওয়া অনেক সহজ। মাওবাদী গেরিলা নেতা থেকে নেপালের প্রধানমন্ত্রী হওয়া প্রচণ্ড বৃস্পতিবার একথা বলেছেন। "মাঝে মাঝে আমার মনে হয়, গেরিলা যুদ্ধের সময়েই আমি বেশি স্বাচ্ছন্দ্যে ছিলাম।" নেপালের পত্রিকা সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রচণ্ড এ কথা বলেন। কাঠমান্ডুর কান্তিপুর নামের একটি পত্রিকা এ তথ্য জানিয়েছে। প্রচণ্ড ২০০৬ সালে মূলধারার রাজনীতিতে যোগ দেওয়ার আগে এক দশক বেশি সময় দেশটির সাবেক রাজতন্ত্রের বিরুদ্ধে গেরিলা যুদ্ধের নেতৃত্ব দেন। তার নাম পুষ্প কমল দাহাল। কিন্তু গেরিলা দলে দৃঢ়তা ও প্রচণ্ডতার কারণে তিনি 'প্রচণ্ড' নামে পরিচিত হয়ে ওঠেন। 'নতুন নেপাল' গড়ার স্লোগান নিয়ে গত এপ্রিলের ভোটে মাওবাদীরা জয়ী হলে প্রচণ্ড দেশটির প্রধানমন্ত্রী হন। তবে বিশ্বের অন্যতম গরিব দেশটির শাসনকার্য চালানো খুব একটি সহজ কাজ নয় কোন নেতার পক্ষেই। ইতিমধ্যে প্রচণ্ডর বিরুদ্ধেও সমালোচনায় সরব হয়ে উঠেছে নেপালের রাজনৈতিক দলগুলো। কট্টর মাওবাদীরাও আরও বেশি বিপ্লবাত্বক নীতিমালা গ্রহণ করতে তার প্রতি চাপ সৃষ্টি করছে। অন্যদিকে, গৃহযুদ্ধের সময় অধিকৃত জমি মাওবাদীরা ফেরত না দেওয়ায় মধ্যপন্থী বিরোধীরাসহ তার জোটের কয়েকটি রাজনৈতিক দলও তার সমালোচনায় নেমেছে। নেপালের আরেকটি পত্রিকা 'রাজধানী' জানায়, প্রচণ্ড বলেন, "গণযুদ্ধের সময় বেশ ভালই ছিলাম। কোন দুশ্চিন্তা ছিল না।" মানবাধিকার গোষ্ঠীগুলোর হিসাব অনুযায়ী, ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত চলা প্রচণ্ডের গণযুদ্ধে ১৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। সে সময় মাও গেরিলারা নিয়মিত সেতু ও বিদ্যুৎ কেন্দ্রসহ নেপালের অবকাঠামো ধ্বংসের জন্য হামলা চালাত। তীব্র বিদ্যুৎ সংকট চলায় প্রচণ্ড এ সপ্তাহে দেশে জ্বালানি-জরুরি অবস্থা ঘোষণা করেছেন। চাহিদার অর্ধেকেরও বেশি জোগান দিতে না পারায় প্রতিদিন নয় ঘন্টা লোডশেডিং করা হচ্ছে। এতসব সমস্যা সত্ত্বেও আগামী দুই বছর ক্ষমতায় টিকে থাকার আশা প্রকাশ করেছেন প্রচণ্ড। মাওবাদীদের সঙ্গে শান্তিচুক্তি অনুযায়ী, দু'বছর পর দেশ একটি নতুন সংবিধানের ভিত্তিতে পরিচালিত হবে। প্রচণ্ড সরকার সংবিধান প্রণয়নের কাজটিও তদারক করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬২২ ঘ.