হারারে, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জিম্বাবুয়েতে কলেরা মহামারীতে মৃতের সংখ্যা ১,১২৩ জনে পৌঁছেছে এবং কলেরা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০,৮৯৬ জনে। জাতিসংঘ শুক্রবার একথা জানিয়েছে।
এ সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। জাতিসংঘের 'কোঅরডিনেশন অব হিউম্যানিটেরিয়ান এফেয়ার্স' কার্যালয় ওসিএইচ এ বৃহস্পতিবার কলেরায় মৃতের সংখ্যা ১,১১১ এবং কলেরা আক্রান্তের সংখ্যা ২০,৫৮১ বলে জানায়। পরদিনই তারা এক বিবৃতিতে নতুন ওই পরিসংখ্যান জানাল।
পশ্চিমা দেশগুলো জিম্বাবুয়েতে কলেরা, খাদ্য সংকট এবং ধ্বসে পড়া অর্থনীতির কারণে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের পদত্যাগ দাবি করেছে। কিন্তু মুগাবে সরকার উল্টো দোষারোপ করে বলেছে, "জিম্বাবুয়ে পরিস্থিতির সুযোগে পশ্চিমারা মুগাবেকে উৎখাতের চক্রান্ত্র করছে।"
মুগাবের মূখপাত্র জর্জ চারাম্বা বলেছেন, মুগাবেকে উৎখাত করতে পশ্চিমারা কলেরার প্রাদুর্ভাবকে কাজে লাগিয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে আরও বেশি আগ্রাসী পদক্ষেপ নেওয়া বা আগ্রাসনের পক্ষে কথা বলার পট প্রস্তুত করছে।
ব্রিটেন, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই মুগাবের ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর সময় হয়েছে বলে মন্তব্য করেছেন। ইইউ'ও একই সুরে মন্তব্য করেছে। জিম্বাবুয়ের আরও সরকারি কর্মকর্তার ওপর ইউরোপে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ।
জিম্বাবুয়েবাসীদের দুর্ভোগের জন্য মুগাবে পশ্চিমা নিষেধাজ্ঞাকে দায়ী করে আসছেন। কিন্তু এ দুভোর্গের জন্য মুগাবের কর্তৃত্বপরায়ণ শাসনকে দায়ী করছেন তার সমালোচকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৫ ঘ.
bdnews24