গাজা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিসরের মধ্যস্থতায় গাজায় ইসরায়েল ও হামাস নেতৃত্বাধীন ফিলিস্তিনি দলগুলোর মধ্যে ৬ মাস মেয়াদী যুদ্ধবিরতির অবসান ঘটেছে শুক্রবার। এতে নতুন করে আন্তঃসীমান্ত সংঘর্ষের আশঙ্কা সৃষ্টি হয়েছে।
যুদ্ধবিরতির মেয়াদ শেষের মূহুর্তে হামাসের সশস্ত্র শাখা 'ইজ এল দীন-আল-কাশেম' এক বিবৃতিতে বলেছে, "ইহুদি শত্র" এবং আমাদের মধ্যকার শান্ত অবস্থা পুরোপুরি শেষ হয়েছে। মৌলিক কিছু শর্ত ও বাধ্যবাধকতা মেনে চলতে দখলদ্বারদের অস্বীকৃতির কারণে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না।"
গাজার হামাস ও অন্যান্য জঙ্গি দলগুলো বলেছে, তারা ওই অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান মোকাবেলাসহ ইসরায়েলি বাহিনীর সঙ্গে যে কোনও সামরিক সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে। ৬ মাসের যুদ্ধবিরতিকালে তাদের বন্দুকধারীরা প্রশিক্ষণ নিয়েছে বলেও জানিয়েছে তারা।
কাশেম ব্রিগেড বলেছে, "ইসরায়েলের যে কোনও আগ্রাসন লড়াইয়ের সূত্রপাত ঘটাবে এবং আমাদের পক্ষ থেকে তারা মর্মান্তিক পাল্টা জবাব পাবে।"
হামাস কর্মকর্তা আয়মান তাহা বলেছেন, "শান্তবস্থা শেষ হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ নতুন করে আর বাড়ানো হবে না। কারণ, শত্র"রা গাজায় নিষেধাজ্ঞা শিথিলের এবং হামলা বন্ধের শর্ত মানেনি।
যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানোর কথা বললেও হামাস ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সহিংসতায় লিপ্ত হওয়ার হুমকি দেয়নি। তবে যুদ্ধবিরতি না থাকলে সহিংসতায় দুপক্ষেই হতাহতের ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন ইসরায়েল।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ইগাল পামোর বলেছেন, উভয়পক্ষের স্বার্থেই যুদ্ধবিরতি থাকা ভালো বলে তিনি মনে করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৪৮ঘ.
bdnews24