ওয়াশিংটন, ডিসেম্বর, ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কিউবায় গুয়ান্তানামো বে বন্দিশিবির বন্ধের বিস্তারিত পরিকল্পনা নেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা দায়িত্ব নেওয়ার পরপরই তাকে ওই শিবির বন্ধের প্রস্তাব দেওয়ার জন্য পেন্টাগন ইতোমধ্যেই কাজ শুরু করেছে। এক প্রতিরক্ষা কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
ওবামা ২০ জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই গুয়ান্তানামো বে'র মার্কিন বন্দিশিবির বন্ধের প্রতিশ্র"তি দিয়েছেন। তাই ওবামার দায়িত্ব গ্রহণের প্রথমেই এ বিষয়টি অগ্রাধিকার পেতে পারে-- এ সম্ভাবনার কথা মাথায় রেখে যত দ্রুত সম্ভব তাকে এ ব্যাপারে সহায়তা করতে এখন থেকেই বন্দিশিবিরটি বন্ধের কন্টকাকীর্ণ ইস্যুটি উপস্থাপনের পরিকল্পনা করে রাখতে চাইছেন গেটস।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি জেয়ফ মোরেল সাংবাদিকদের বলেছেন, "গুয়ান্তানামো বন্দিশিবির কিভাবে বন্ধ করা যায়, এটি বন্ধ করার পাশাপাশি বন্দিদেরকে সেখান থেকে সরাতে সুনির্দিষ্ট কি কি পদক্ষেপের প্রয়োজন পড়বে-- এসমস্ত
বিষয় ছাড়াও বিপজ্জনক বন্দিদের কাছ থেকে মার্কিন জনগণের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার পদক্ষেপেরও প্রস্তাব দেওয়ার জন্য তার টিমকে নির্দেশ দিয়েছেন গেটস।"
গুয়ান্তানামো বে'তে রয়েছে প্রায় ২৫০ বন্দি। এর মধ্যে রয়েছে ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার হোতা হিসাবে অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদ। আগ্রাসী জিজ্ঞাসাবাদ পদ্ধতি অবলম্বনের জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুয়ান্তানামো বে বন্দিশিবিরে বন্দি নির্যাতনের অভিযোগ উঠেছিল। এতে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।
ওবামার মতো গেটসও শিবিরটি বন্ধ করে দিতে চান। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রী হওয়া গেটস ওবামা প্রশাসনেও প্রতিরক্ষামন্ত্রী থাকতে রাজি হয়েছেন। গুয়ান্তানামো বন্ধ করতে মার্কিন কংগ্রেসে আইন পাসের প্রয়োজন পড়বে বলে জানিয়েছেন তিনি।
তার প্রেস সেক্রেটারি জানিয়েছেন, "এ ব্যাপারে অনুরোধ জানানো হয়েছে। ওবামা তার কাজের শুরুতেই এ বিষয়টি উত্থাপন করতে চাইলে তাকে সহায়তা করতে প্রস্তুত থাকার জন্য গেটসের টিম কাজ শুরু করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৫৪ ঘ.
bdnews24