২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলে জীবনদায়ী পানির খনিজের সন্ধান

জীবনদায়ী পানির খনিজ পদার্থ কার্বনেটের সন্ধান মিলেছে মঙ্গলগ্রহে। কার্বনেট থাকা একটি কঠিনযৌগের ছবি তুলে পাঠিয়েছে গ্রহটি প্রদক্ষিণরত নাসার রিকনিসেন্স অরবিটার। বিজ্ঞানীরা বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2008, 07:50 AM

Updated : 26 Aug 2022, 02:49 PM

সান ফ্রান্সিসকো, ১৯ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- জীবনদায়ী পানির খনিজ পদার্থ কার্বনেটের সন্ধান মিলেছে মঙ্গলগ্রহে। কার্বনেট থাকা একটি কঠিনযৌগের ছবি তুলে পাঠিয়েছে গ্রহটি প্রদক্ষিণরত নাসার রিকনিসেন্স অরবিটার। বিজ্ঞানীরা বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। পানির অন্যতম উপাদান কার্বনেটেপূর্ণ পদার্থটি এসিডহীন বা অ্যালকেলাইনহীন পানি থেকে যেমন, তেমনি অ্যালক্যালাইনযুক্ত পানি থেকে উৎপন্ন হতে পারে। এতদিন পর্যন্ত কার্বনেটের সন্ধান না পাওয়ায় মঙ্গলে জীবনধারণের উপযোগী পানির অস্তিত্ব নিয়ে হতাশ হয়ে ছিলেন বিজ্ঞানীরা। স্বভাবতই এই আবিস্কারে তাদের আশার পারদ লাফিয়ে উঠেছে। সান ফ্রান্সিসকোতে আমেরিকার ভূপদার্থবিদ্যা ইউনিয়নের সভায় এ তথ্য জানাতে গিয়ে খুশিতে উপচে পড়েন রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের জন মাস্টার্ড। তিনি বলেন, "অবশ্যই আমরা খুবই উত্তজিত। যে খনিজ পদার্থটির সন্ধান পেয়েছি তা বেশ গোলাকার ও ঝুরঝুরে।" ক্যালসিয়াম, লৌহ অথবা ম্যাগনেশিয়ামের সঙ্গে পানি ও কার্বন ডাই-অক্সাইড মিশ্রণ ঘটলে কার্বনেট সৃষ্টি হয়। এটি দ্রুত এসিডে রূপান্তরিত হয়। এরকম একটি তত্ত্ব এতদিন বলা হচ্ছিল যে, মঙ্গলে সব পানিই একসময় ছিল এসিডপূর্ণ। তাই তাতে জীবনসৃষ্টির সুযোগ ছিল ন। কিন্তু কার্বনেটের সন্ধান মেলায় ওই তত্ত্ব নাকচ হয়ে যাচ্ছে। কারণ কার্বনেটই পরে এসিডে পরিণত হয়। অরবিটারের পাঠানো ছবি ও উপাত্ত পরীক্ষাকারী দলের নেতা, ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বেথানি এলমান বলেন, "মঙ্গলে জীবন উন্মেষের সহজ ও অনুকূল পরিবেশ বিরাজ করার প্রমাণ দিচ্ছে এই আবিষ্কার।" পৃথিবীতে বিরাজ করা চক অথবা লাইমস্টোনে মাঝে মাঝে প্রাণরাসায়নিক যৌগের সন্ধান মেলে। কিন্তু বিজ্ঞানীরা মঙ্গলে এখনো এ দুটির অস্তিত্ব খুঁজে পাননি। বিজ্ঞানীরা জানিয়েছেন, মঙ্গলে সন্ধান মেলা কার্বনেট পদার্থটির বয়স প্রায় ৩শ ৬০ কোটি বছর। ৩৯০ মাইল প্রশস্ত একটি জ্বালামুখের ভেতরের পৃষ্ঠে এটি পাওয়া যায়। এর আগে নাসার অনুসন্ধানযান ফিনিক্স মঙ্গলের মাটির ভেতর খুবই স্বল্প পরিমাণে; খালি চোখে যা দেখাই যায় না তেমন পরিমাণে কার্বনেটের অস্তিত্বের সন্ধান দিয়েছিল। একই সঙ্গে মঙ্গলের ধুলিকণা ও পৃথিবীতে আসা মঙ্গলের গ্রহাণুর মধ্যেও তার অস্তিত্ব ধরা পড়েছিল। কিন্তু এবারই প্রথম গ্রহটির এমন স্থানের সন্ধান পাওয়া গেল যেখানে কার্বনেট সৃষ্টি হয়েছে। যে খণ্ডটির মধ্যে কার্বনেটের অস্তিত্ব রয়েছে তার আয়তন একটি ফুটবল মাঠের সমান। অরবিটের তোলা ছবিতে তা স্পষ্ট নজরে পড়ে। বাল্টিমোরের জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী স্কট মুরচি বলেন, "এই খণ্ডটিতেও কার্বনেটের পরিমাণ কম বলে মনে হচ্ছে। তবে এটা বোঝা যাচ্ছে, একসময় গ্রহটিতে জীবনদায়ী পানির অস্তিত্ব ব্যাপকভাবে ছিল। কার্বনেটের মতো একই পরিবেশে সৃষ্টি হয় ফিলোসিলিকেইট নামের আরেকটি খনিজ। কিন্তু এটি কার্বনেটের মতো এসিডিক পরিবেশে দ্রবীভূত হয়ে যায় না। মুরচি বলেন, এই খনিজটিও প্রচুর পরিমাণে ছিল মঙ্গলে। "মঙ্গলে আদি পরিবেশে পানির এরকম ভিন্ন ভিন্ন রূপের উপস্থিতির কারণে গ্রহটিতে যে প্রাণের বিকাশ ঘটেছে তা বলতে পারার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে" -- এ মন্তব্য করেছেন ক্যালিফোর্নিয়ায় নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির রিচার্ড জুরেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩৩২ ঘ.