বাগদাদ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জুতা ছুড়ে মারা সাংবাদিক মুনতাজের আল-জায়িদি ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল মালিকির কাছে ক্ষমা চেয়েছেন। মালিকির কার্যালয় বৃহস্পতিবার একথা জানিয়েছে।
গত রোববার ইরাক সফরে গিয়ে বাগদাদে মালিকির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন বুশ। এ সময় তাকে লক্ষ্য করে মুনতাজের জুতা ছুড়ে মারেন এবং কুকুর বলে গালি দেন। তখনই তাকে আটক করে নিরাপত্তাবাহিনীর সদস্যরা।
মালিকির গণমাধ্যম উপদেষ্টা ইয়াসিন মাজিদ বৃহস্পতিবার জানিয়েছেন, জায়িদি ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে লেখা চিঠিতে জায়িদি বলেন, "আমার ওই ঘৃণ্য কর্মের ক্ষমা হয় না। তারপরও আমরা মনে আছে, ২০০৫ সালের গ্রীস্মে আমি আপনার সাক্ষাৎকার নিয়েছিলাম। তখন আপনি বলেছিনে, 'ভেতরে আসুন, এটা আপনারই ঘর'। আপনার সেই মহানুভবতার কথা মনে রেখেই আমি আপনার কাছে ক্ষমা চাইছি।"
গত মঙ্গলবার জায়িদিকে উচ্চ বিচারিক আদালতে বিচারকের সামনে হাজির করা হয়। সেখানে তিনি প্রেসিডেন্টের প্রতি 'আগ্রাসী' আচরণের কথা স্বীকারও করেন।
বিচারিক পরিষদের (হাই জুডিশিয়াল কাউন্সিল) মুখপাত্র আব্দুল সাত্তার বীরকাদের বলেছেন, "জায়িদিকে তার একজন আইজীবী ও কৌসুলিসহ তদন্তকারী বিচারকের সামনে হাজির করা হয়েছে। তিনি তার কৃতকর্মের কথা স্বীকার করেছেন।"
আদালত তাকে হাজতে রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং তদন্ত শেষে তাকে ইরাকি পেনাল কোডের আওতায় বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারে। বীরকাদের বলেন, এ ধরনের অপরাধে তার ১৫ বছরের জেল হতে পারে।
এর আগে মুনতাজেরের ভাই মঙ্গলবার অভিযোগ করেন, নিরাপত্তাকর্মীরা মুনতাজেরকে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠিয়েছে । তার একটি হাত ও বুকের পাজর ভেঙে গেছে চোখে আঘাত পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২৩২৫ ঘ.
bdnews24