২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়ান্ডা গণহত্যার মূলহোতা বাগোসোরার যাবজ্জীবন কারাদণ্ড

রুয়ান্ডায় ১৯৯৪ সালের গণহত্যার দায়ে সেনাবাহিনীর সাবেক কর্নেল থিওনেস্টে বাগোসোরাকে বৃহস্পতিবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জাতিসংঘের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 11:43 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

নাইরোবি, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রুয়ান্ডায় ১৯৯৪ সালের গণহত্যার দায়ে সেনাবাহিনীর সাবেক কর্নেল থিওনেস্টে বাগোসোরাকে বৃহস্পতিবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জাতিসংঘের একটি আদালত। রুয়ান্ডার সেনাবাহিনী এবং ইনতারাহাম্বে হুতু মিলিশিয়া ১৯৯৪ সালে ১০০ দিনের মধ্যে আট লাখ সংখ্যালঘু তুতসি এবং উদারপন্থি হুতুকে হত্যা করে। ওই বর্বর হত্যাযজ্ঞে সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়ার অভিযোগে ৬৭ বছর বয়স্ক বাগোসোরাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রুয়ান্ডাবিষয়ক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিটিআর)। রায়ে বলা হয়েছে, "কর্নেল বাগোসোরা গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধাপরাধের দায়ে অপরাধী।" বিচারকরা জানিয়েছেন, ওই সময় প্রেসিডেন্ট জুভেনাল হাবাইয়ারিমানাসের বিমান গুলি করে ভূপাতিত করার পর সেনাবাহিনী এবং রাজনীতির নিয়ন্ত্রণ নিয়ে নেন বাগোসোরা। পরে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্যাবিনেট ডিরেক্টরও হন। রুয়ান্ডা গণহত্যার সময় সেখানে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রধান ছিলেন কানাডার জেনারেল রোমিও দালাইরি। বাগোসোরাকে গণহত্যার মূল হোতা অভিহিত করে তিনি জানান, বাগোসোরা তাকে পিস্তল নিয়ে হত্যার হুমকি দিয়েছিল। আদালতের রায়ে বলা হয়েছে, গণহত্যা শুরু করার আগে তানজানিয়ায় শান্তি আলোচনা থেকে বাগোসোরা এই বলে বেরিয়ে যান যে মহাপ্রলয় ঘটাতেই তিনি দেশে ফিরছেন। গণহত্যা শেষ করে ক্যামেরুনে পালিয়ে যান বাগোসোরা। সেখানা ১৯৯৬ সালে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ২০০২ সালে তার বিচার শুরু হয়। পাঁচ বছর ধরে চলা বিচার প্রক্রিয়া ২০০৭ সালের মাঝামাঝি শেষ হয়। বাগোসোরার বিরুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধসহ ১১টি অভিযোগ আনা হয়। তার সহযোগী সাবেক কর্মকর্তা আনাতোলি এনসেঙ্গুইয়াম্বা এবং অ্যালয়স এন্তাবাকুয়েজেরও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৭২৫ ঘ.