বেইজিং, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের মুখে চীনকে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক স্থিতিশীলতার দিকে নজর দিতে হবে। চীনের প্রেসিডেন্ট হু জিনতাও বৃহস্পতিবার একথা বলেছেন। একইসঙ্গে বাজার ব্যবস্থা সংস্কারে রাষ্ট্রীয় ভূমিকা জোরদারের অঙ্গীকার করেন তিনি।
সংস্কার নীতিমালার ৩০ বছর উদযাপন উপলক্ষে বেইজিংয়ের গ্রেট হলে আয়োজিত অনুষ্ঠানে হু জানান, বিশ্বব্যাপী অর্থনৈতিক ধসের প্রভাব কাটিয়ে উঠতে তার সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছে তা কাজে আসছে। ফলে নতুন করে আরও সাম্য ও ঐক্যবদ্ধ সমাজ গড়ার প্রতিশ্র"তি দেন তিনি।
দেশ পুনর্গঠনে অর্থনৈতিক উন্নয়নের ওপর জোর দিয়ে হু বলেন, "দেশ পুনর্গঠনের লক্ষ্যে অর্থনৈতিক উন্নয়নের প্রতি মনোনিবেশ করাটাই সবচে গুরুত্বপূর্ণ। এটিই দেশের সমৃদ্ধি, উন্নয়ন, স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার চাবিকাঠি।"
তিনি আরও বলেন, "সংকটকালীন মুহূর্তে সংস্কার নীতিমালাই চীনকে উদ্ধার করেছে। আর এর মাধ্যমেই চীন গরীব ও বিচ্ছিন্ন দেশ থেকে উত্তরণ ঘটিয়ে একটি আধুনিক ও বৈশ্বিক জাতিতে পরিণত হয়েছে।"
তবে ভবিষ্যতে চীনে রাজনৈতিক সংস্কারের কোনো সম্ভাবনা নেই জানিয়ে হু বলেন, "চীন কখনোই পশ্চিমা রাজনৈতিক পদ্ধতি গ্রহণ করবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমডি/এফএইচবি/১৬৩৫ ঘ.
bdnews24