ওয়াশিংটন, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- তীব্র অর্থসংকটে জর্জরিত যুক্তরাষ্ট্রের অন্যতম বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ক্রাইসলার শুক্রবার থেকে কমপক্ষে এক মাসের জন্য কারখানা বন্ধ করে দিচ্ছে। বুধবার কোম্পানির শীর্ষ কমকর্তারা এ ঘোষণা দিয়েছেন।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে কোম্পানিটির ক্রাইসলার কার, জিপ ও ডজ ব্র্যান্ডের গাড়ি তৈরি এ সময়ে বন্ধ থাকবে।
কর্মকর্তারা বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটে বিক্রি কমে যাওয়ায় তারা উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।
ক্রাইসলারের বিক্রি গত নভেম্বর মাসে ৪৭ শতাংশ কমে যায়। আর এ বছর ১১ মাস জুড়ে এর বিক্রি কমে গিয়েছিল প্রায় ২৮ শতাংশ।
ক্রাইসলারের মতো যুক্তরাষ্ট্রের আরও দুটি প্রধান গাড়ি নির্মাণ কোম্পানি জেনারেল মোটর ও ফোর্ড নগদ অর্থসংকটে পতিত হয়ে ঋণ পাওয়ার জন্য মার্কিন কংগ্রেস ও সরকারের কাছে ধরণা দিয়ে আসছে।
কোম্পানিগুলোকে বাঁচিয়ে রাখতে ১৪ বিলিয়ন ডলারের সাহায্য প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে পাস হলেও সিনেটে আটকে যায়।
এখন হোয়াইট হাউজ তাদের রক্ষায় এগিয়ে আসার ইঙ্গিত দিয়েছে। মার্কিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পতন থেকে রক্ষায় ইতিমধ্যে যে তহবিল নেওয়া হয়েছে তা থেকে কিছু অর্থ কোম্পানি তিনটিকে বরাদ্দ করা হতে পারে।
ক্রাইসলারের কারখানা বন্ধ করে দেওয়া প্রসঙ্গে হোয়াইট হাউজ কোন মন্তব্য করেনি। তবে ক্রাইসলারের এ পদক্ষেপের কারণে গাড়ি কোম্পানিগুলোকে রক্ষায় দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের ওপর চাপ বাড়ল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫৫২ ঘ.
bdnews24