২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বার্নার্ড মেডফ গৃহবন্দি

নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে কয়েক দশক ধরে প্রায় ৫০ বিলিয়ন ডলার প্রতারণার অভিযোগে বার্নার্ড মেডফকে বুধবার গৃহবন্দি করা হয়েছে। ৭০ বছর বয়স্ক মেডফকে তার ম্যানহ্যাটান অ্যাপার্টমেন্টে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কঠোর নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে তার গতিবিধিও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 05:58 AM

Updated : 26 Aug 2022, 02:49 PM

নিউ ইয়র্ক, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে কয়েক দশক ধরে প্রায় ৫০ বিলিয়ন ডলার প্রতারণার অভিযোগে বার্নার্ড মেডফকে বুধবার গৃহবন্দি করা হয়েছে। ৭০ বছর বয়স্ক মেডফকে তার ম্যানহ্যাটান অ্যাপার্টমেন্টে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কঠোর নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে তার গতিবিধিও। প্রভাবশালী ব্যক্তি বার্নার্ড মেডফ প্রায় ৫০ বিলিয়ন ডলারের প্রতারণামূলক 'পনজি স্কিম' চালানোর অভিযোগে গত সপ্তাহে গ্রেপ্তার হন। তিনি উচ্চ মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে বিনিয়োগকারীদের আকৃষ্ট করেন এবং কোনরকম ব্যবসায় না গিয়ে পরবর্তী বিনিয়োগকারীদের কাছ থেকে পাওয়া অর্থে আগের বিনিয়োগকারীদের মুনাফা দিয়ে আসছিলেন। বিশ্বে এটি বৃহত্তম প্রতারণার ঘটনা হবে বলে মনে করা হচ্ছে। মেডফ একসময় নাসডাক স্টক মার্কেটের চেয়ারম্যান ছিলেন। তবে ১৯৬০ নিজ নামে বার্নার্ড এল মেডফ ইনভেস্টমেন্ট সিকিউরিটিস এলএলসি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। এই কোম্পানির ছত্রছায়ায় তিনি অসাধু পন্থায় বিশাল তহবিল গড়ে তুলেছেন। ইউরোপের শীর্ষ ব্যাংকগুলোর মধ্যে বিএনপি পরিবাস এসএ'র শেয়ারই মেডফের কেলেঙ্কারিতে সবচে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সর্বশেষ খবর পাওয়া গেছে। ওদিকে, 'যুক্তরাষ্ট্রের সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশন' আবারও দশকব্যাপী প্রতারণার কারণ সম্পর্কে প্রশ্নের উত্তর দিয়েছে। ফেডারেল বিচারক বুধবার মেডফকে তার ৭ মিলিয়ন ডলার মূল্যের ম্যানহ্যাটান অ্যাপার্টমেন্টে থাকার এবং তার স্ত্রীকে জামিনের শর্ত হিসাবে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট সমর্পণ করার নির্দেশ দিয়েছে। গৃহবন্দি অবস্থায় মেডফের গতিবিধি লক্ষ্য রাখতে তার পায়ের গোড়ালিতে বৈদ্যুতিন বন্ধনী পরিয়ে রাখা হবে। কর্তৃপক্ষ আগে থেকে ব্যবস্থা করার পরই কেবল তাকে কোনও সাক্ষাৎকারের জন্য বাড়ির বাইরে যেতে দেওয়া হবে। মেডফ ও তার স্ত্রী জামিনের শর্ত মানতে ব্যর্থ হলে এর বিনিময়ে তাদের ম্যানহাটেনের অ্যাপার্টমেন্টসহ মোনটাক, নিউ ইয়র্ক, পাম বীচ ও ফ্লোরিডার সমস্ত সম্পত্তি হস্তান্তর সম্পর্কিত একটি চুক্তিও সই করেছেন। বুধবার টেলিভিশনে মেডফকে ম্যানহাটেনের ফেডারেল আদালত থেকে বেরিয়ে আসতে দেখা যায়। কিন্তু তিনি সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি। বিলাসবহুল কালো এসইউভি গাড়ির সমনের সীটে বসা মেডফকে শান্তই দেখাচ্ছিল। পরে তাকে তার অ্যাপার্টমেন্টের কাছে গাড়ি থেকে নামতে দেখা যায়। মেডফের বিরুদ্ধে 'সিকিউরিটিস প্রতারণা'- এই একটি অভিযোগই এনেছেন মার্কিন কৌসুলিরা। তবে মার্কিন শেয়ারবাজর নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশন তার বিরুদ্ধে পৃথক কয়েকটি দেওয়ানি মামলা করেছে। মেডফ তার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বলেছেন, "আমাদের প্রতিষ্ঠানটি বিশাল পনজি স্কিম" এটা বলা "পুরোপুরি মিথ্যার নামান্তর।" কিন্তু 'সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ' কমিশন বলছে, মেডফের সংগৃহীত ওই বিপুল পরিমাণ অর্থ আর হয়ত খুঁজেই পাওয়া যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৪৬ ঘ.