বাগদাদ, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী বছরের মধ্যে ইরাক থেকে ব্রিটিশ সেনা প্রত্যাহারের পরিকল্পনা নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন।
আকস্মিক এক সফরে বুধবার ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেন ব্রাউন। তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নূরি আল মালিকি। ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন একথা জানিয়েছে।
প্রধানমন্ত্রী হিসাবে ইরাকে এ নিয়ে চতুর্থবার সফরে গেলেন ব্রাউন। ইরাকি মন্ত্রীসভায় ব্রিটিশ সেনা প্রত্যাহার সংক্রান্ত একটি আইনের খসড়া তৈরির পরিপ্রেক্ষিতে ব্রাউন এ সফরে গেছেন। এ আইন ২০০৯ সালের জুলাইয়ের শেষ নাগাদ ইরাক থেকে ৪ হাজার ১শ' ব্রিটিশ সেনা প্রত্যাহারের পথ সুগম করবে।
প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ইরাক সফর এবং তার দিকে ইরাকি সাংবাদিকের জুতা ছুড়ে মারার ঘটনা নিয়ে শোরগোলের মধ্যে ব্রাউন এখানে সফরে এলেন।
সফরকালে ব্রাউন প্রধানমন্ত্রী নূরি আল মালিকি ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। ব্রিটেনের সঙ্গে ইরাকের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে তিনি আলোচনা করেন।
প্রধানমন্ত্রী মালিকির সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে ব্রাউন বলেন, "ব্রিটিশ বাহিনীর কাজ শেষের পথে। ২০০৯ সালের প্রথমার্ধে তারা কাজ শেষ করবে এবং ইরাক ছেড়ে যাবে। কিন্তু দু'দেশের অংশীদারিত্ব অক্ষুন্ন থাকবে।
খসড়া আইনে ব্রিটিশ সেনা প্রত্যাহারের বিষয়টির পাশাপাশি ইরাকে অস্ট্রেলিয়া, এস্তানিয়া, রুমানিয়া, সালভাদর এবং ন্যাটো সেনাদের উপস্থিতির বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এই আইন ইরাকি পার্লামেন্টে পাস হতে হবে।
আইনানুয়ায়ী, মে মাসের শেষে সেনাদের অভিযান শেষের দিন এবং জুলাইয়ের শেষে সেনা প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ঊর্ধ্বতন ব্রিটিশ কর্মকর্তা বলেছেন,"চুক্তিতে আমরা খুবই সন্তুষ্ট এবং ইরাকি পার্লামেন্ট এটি শিগগিরি পাস করবে বলে আমরা আশা করি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এফএইচবি/১৪০৬ ঘ.
bdnews24