২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে শান্তি আলোচনায় আশাবাদী পাকিস্তান

মুম্বাই হামলার ফলে শান্তি আলোচনার পথ রুদ্ধ হয়ে গেছে বলে ভারত মনে করলেও পাকিস্তান জানিয়েছে তারা আশাবাদী। তবে হামলা তদন্তে সাহয্যের প্রস্তাবে ভারতের কাছ থেকে সাড়া না পেয়ে পাকিস্তান অনেকটা হতাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2008, 01:29 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাই হামলার ফলে শান্তি আলোচনার পথ রুদ্ধ হয়ে গেছে বলে ভারত মনে করলেও পাকিস্তান জানিয়েছে তারা আশাবাদী। তবে হামলা তদন্তে সাহয্যের প্রস্তাবে ভারতের কাছ থেকে সাড়া না পেয়ে পাকিস্তান অনেকটা হতাশ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কাসুরি বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, "আমি আশাবাদী, এই দুর্যোগ আমরা কাটিয়ে উঠতে পারব।" ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী মঙ্গলবার কাশ্মিরে সাংবাদিকদের বলেন, "মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনার পথ বন্ধ হয়ে গেছে। তবে পাকিস্তান হামলার জন্য দায়ী জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলে আলোচনা আবার শুরু হতে পারে বলে তারা মনে করছে।" ২০০৪ সাল থেকে শুরু হওয়া এই আলোচনার ফলে চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক ও খেলাধুলাসহ সাংস্কৃতিক সম্পর্ক বেশ স্বাভাবিক হয়। তবে বিভক্ত জম্মু-কাশ্মিরের মতো বিভিন্ন বড় বিতর্কিত বিষয়ে তেমন অগ্রগতি হয়নি। ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন মুম্বাই হামলার জন্য পাকিস্তানের লস্কর-ই- তৈয়েবাকে দায়ী করে দাবি করেছে পাকিস্তানকে অবশ্যই জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাকিস্তানের পক্ষ থেকে তদন্তে সহযোগিতার প্রস্তাব দেওয়া হলেও ওই হামলার সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করা হয়েছে। তবে তারা জোর দিয়ে জানিয়েছে, পাকিস্তানের কেউ জড়িত থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। হামলা তদন্তে পাকিস্তানের দেওয়া সহযোগিতার প্রস্তাবকে গঠনমূলক অভিহিত করে কাসুরি জানান, ভারত দোষারোপের নীতি অব্যাহত রাখলে তাতে করে শান্তি আলোচনা পিছিয়ে পড়তে পারে। তিনি বলেন, "আমরা এখনো অপেক্ষায় আছি, আমাদের প্রস্তাবের বিষয়ে ভারতের কাছ থেকে ইতিবাচক বা নেতিবাচক যে কোনো একটা সাড়া পাব।" ২০০২ সালে ভারতের পার্লামেন্টে সন্ত্রাসী হামলার পর যুদ্ধের কিনারে পৌঁছে যাওয়া পরমাণু শক্তিধর এ দুই দেশের মধ্যে শান্তি আলোচনা শুরু হয় ২০০৪ সাল থেকে। পার্লামেন্টে হামলার জন্যও পাকিস্তানি জঙ্গিদের দায়ী করেছিল ভারত। গত মাসে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে দুটি পাঁচতারকা হোটেলসহ কয়েকটি স্থাপনায় হামলা চালায় সন্ত্রাসীরা। এতে বেশ কয়েকজন বিদেশিসহ কমপক্ষে ১৭৯ জন নিহত হয়। এই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি গ্র"প লস্কর-ই-তৈয়েবা দায়ী বলে অভিযোগ করেছে ভারত। ভারত বলছে, মুম্বাই হামলার সময় ধরা পড়া একমাত্র সন্ত্রাসী পাকিস্তানের নাগরিক এ ব্যাপারে তারা নিশ্চিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯২০ ঘ.