২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে রুশ পর্যটক বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ৩০

ইসরায়েলে মঙ্গলবার রাশিয়ার পর্যটকদের বহনকারী একটি বাস রাস্তা থেকে ছিটকে পার্শ্ববর্তী গিরিখাতে পড়ে ৩০ পর্যটক নিহত হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা প্রাথমিক খবরে ২৪ জন নিহত হওয়ার কথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2008, 05:04 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

জেরুজালেম, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলে মঙ্গলবার রাশিয়ার পর্যটকদের বহনকারী একটি বাস রাস্তা থেকে ছিটকে পার্শ্ববর্তী গিরিখাতে পড়ে ৩০ পর্যটক নিহত হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা প্রাথমিক খবরে ২৪ জন নিহত হওয়ার কথা জানায়। পরে ইসরায়েলের রুশ রাষ্ট্রদূত পায়োর স্টেগনি মস্কোর রাষ্ট্রপরিচালিত ভেস্তি-২৪ চ্যানেলে বলেন, ইসরায়েল কর্তৃপক্ষ নিহতের সংখ্যা সর্বশেষ ৩০ এবং আহতের সংখ্যা ২১ বলে জানিয়েছে। তবে ইসরায়েল তাৎক্ষণিকভাবে মৃতের সংখ্যা বাড়ার এ খবর নিশ্চিত করেনি। মিসরের সিনাই মরু সীমান্তের কাছে লোহিত সাগরের তীরে ইসরায়েলি অবকাশযাপন কেন্দ্র 'এইলাত' থেকে কিছুটা উত্তরে এ দুর্ঘটনা ঘটে। গত কয়েক বছরের মধ্যে এটিই ইসরায়েলে ভয়াবহতম সড়ক দুর্ঘটনা। ইসরায়েলি বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার নাগরিকদের বহনকারী ফ্লাইটটি পিটার্সবার্গ থেকে এসেছে। তেল আবিবে রাশিয়ার দূতাবাসের এক কর্মকর্তা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করতে পারেননি। তবে দুর্ঘটনাস্থলে দূতাবাস থেকে একজন পরিদর্শক পাঠানো হয়েছে বলে তিনি জানান। উদ্ধার সংস্থা জাকা জানিয়েছে, উদ্ধার তৎপরতায় সহযোগিতা করতে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর হেলিকপ্টার। রাশিয়া কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিতদের আত্মীয়-স্বজন ও চিকিৎসা বিশেষজ্ঞ বহনকারী দুটো বিমান ইসরায়েলে পাঠাচ্ছে বলে জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১০৪৫ ঘ.