ক্যানবেরা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস নির্গমন ২০২০ সালের মধ্যে ৫ থেকে ১৫ শতাংশ কমানোর অঙ্গীকার করেছে অস্ট্রেলিয়া। ব্যবসায়ীদের আপত্তি উপেক্ষা করে নতুন 'ক্যাপ এন্ড ট্রেড' পদ্ধতিতে অস্ট্রেলিয়া এই লক্ষ্যমাত্রা পূরণের প্রতিশ্র"তি দিয়েছে।
কার্বন নির্গমনের মাত্রা বেধে দিয়ে ব্যবসায়ীদেরকে ব্যবসার অনুমতি দেওয়ার নতুন পদ্ধতি চালু হবে ২০১০ সাল থেকে। বিবিসি একথা জানায়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড বলেছেন, নতুন এই কার্বন স্কীম চালু করা গুরুত্বপূর্ণ। কারণ, অস্ট্রেলিয়া বিশ্বের চতুর্থ বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ। বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লার ওপর নির্ভর করার কারণে অস্ট্রেলিয়ায় কার্বন নির্গমন চীনের চেয়ে ৫ গুণ বেশি।
জলবায়ূ পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অস্ট্রেলিয়া ভবিষ্যতে বিপর্যয়কর পরিস্থিতিতে পড়বে বলে রাড সতর্ক করে দেন।
বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে ব্যবসায়ীরা ক্যাপ-এন্ড ট্রেড পদ্ধতিতে কার্বন নির্গমন হ্রাসের পদক্ষেপ দেরিতে নেওয়ার পক্ষপাতি। কিন্তু তাদের আপত্তি ঠেলেই নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী রাড। তবে তার এই লক্ষ্যমাত্রা বিশ্বে জলবায়ুর পরিবর্তন রোধে যথেষ্ট নাও হতে পারে বলে সমালোচনা করেছেন অনেকেই।
গ্রিনহাউস গ্যাস নির্গমন প্রথমে ৫ শতাংশ এবং পরে ১৫ শতাংশ কমাতে আগ্রহী অস্ট্রেলিয়া। তবে ২০০৯ সালে কোপেনহেগেনে জাতিসংঘ আলোচনায় বিশ্ব নেতারা জলবায়ু পরিবর্তন রোধে চুক্তিবদ্ধ হলে অস্ট্রেলিয়া কার্বন নির্গমন পুরোপুরি ১৫ শতাংশ কমানোকেই লক্ষ্যমাত্রা করবে বলে জানিয়েছে রাড সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৮ঘ.
bdnews24