২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল

ইসরায়েল সোমবার থেকে ২২৪ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে শুরু করেছে। নির্ধারিত সময়ের চেয়ে এক সপ্তাহ দেরীতে বন্দিদের মুক্তি দিচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনায় আস্থা অর্জনে ইসরায়েল এ পদক্ষেপ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2008, 12:09 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

রামাল্লাহ, পশ্চিম তীর, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েল সোমবার থেকে ২২৪ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে শুরু করেছে। নির্ধারিত সময়ের চেয়ে এক সপ্তাহ দেরীতে বন্দিদের মুক্তি দিচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনায় আস্থা অর্জনে ইসরায়েল এ পদক্ষেপ নিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের মুখপাত্র মার্ক রেগেভ বলেছেন, "শান্তি আলোচনায় দৃঢ় বিশ্বাস অর্জনে বন্দি মুক্তির এ উদ্যোগকে আস্থা গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হবে বলে আমরা আশা করি।" মার্ক রেগেভ বলেন, গত বছর থেকে ইসরায়েল প্রায় ১ হাজার ফিলিস্তিনি বন্দি মুক্তি দিয়েছে। তবে ইসরায়েল ওই সময়ে কত ফিলিস্তিনিকে আটক করেছে তা তিনি বলেননি। আগস্টে ইসরায়েল প্রায় ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়। সোমবার ইসরায়েল আটক ১১ হাজার ফিলিস্তিনির মধ্য থেকে ২২৪ জনকে মুক্তি দিতে শুরু করেছে। এদেও মুক্তি দেওয়ার কথা ছিল গত সপ্তাহেই। কিন্তু ইসরায়েলের আইনি পদ্ধতির কারণে বন্দি মুক্তিতে এক সপ্তাহ দেরী হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা একথা জানিয়েছেন। ডানপন্থি ইসরায়েলিরা ফিলিস্তিনি বন্দি মুক্তির বিরোধিতা করে ইসরায়েলের উচ্চ আদালতে আবেদন করায় সোমবার বন্দি মুক্তি দিতে আরও কয়েক ঘন্টা দেরী হয়। পরে স্থানীয় সময় (১০০০ জিএমটি) দুপুর থেকে বন্দিদের মুক্তি দেওয়া শুরু হয়। বেশির ভাগ বন্দিকেই অধিকৃত পশ্চিম তীরে পাঠানো হবে। আর ১৮ জন গাজায় যাবে বলে মনে করা হচ্ছে। ২০০৭ সালের জুন থেকে গাজা ফিলিস্তিনি গেরিলা দল হামাসের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, পশ্চিম তীর রয়েছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সরকারের নিয়ন্ত্রণে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৮ ঘ.