টোকিও, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- জাপানে ব্যবসায়ীদের আত্মবিশ্বাস এখন গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে গেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জরিপ চালিয়ে সোমবার এ তথ্য জানায়। ব্যাংক অব জাপান এও বলেছে, শিগগিরই ব্যবসায়ীদের আস্থা ফিরে পাওয়ার সম্ভাবনা খুব কম। আগামী বছরও সংকুচিত দশা থেকে অর্থনীতির মুক্তি নাও মিলতে পারে।
এশিয়ার বৃহত্তম অর্থনীতির এই নৈরাশ্যের খবর সত্ত্বেও সোমবার পুঁজি বাজারে কিছুটা চাঙ্গাভাব দেখা গেছে। যুক্তরাষ্ট্রের তিনটি বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানকে পতনের কবল থেকে রক্ষায় হোয়াইট হাউজ পদক্ষেপ নেবে- এই সম্ভাবনায় বাজারে কিছুটা আশার সঞ্চার হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সোমবার ইরাক থেকে আফগানিস্তানের যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের জানান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে নেওয়া তহবিলের কিছু অর্থ গাড়ি কোম্পানিগুলোকে দেওয়া হতে পারে। তবে এ ব্যাপারে ঘোষণা দেওয়ার সময় এখনও আসেনি।
বুশ বলেন, "আমরা এ ঘোষণা দেওয়ার জন্য এখনও প্রস্তুত নই।" তবে ঘোষণাটি দিতে খুব বেশি দেরি করা হবে না বলে তিনি মন্তব্য করেন।
গাড়ি কোম্পানিগুলোর জন্য প্রতিনিধি পরিষদে পাশ হওয়া ১৪ মিলিয়ন ডলারের সাহায্য প্রস্তাবটি গত সপ্তাহে সিনেটে প্রত্যাখ্যাত হওয়ায় বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের আরও অবনতির আশঙ্কা ছড়িয়ে পড়েছিল বিনিয়োগকারীদের মধ্যে।
জাপানের বড় বড় উৎপাদনকারীদের মানসিকতা পরিমাপ করার জন্য পরিচালিত জরিপ ফলাফলে দেখা যায়, তাদের মানসিকতা মাইনাস ২৪ এ নেমে গেছে। অর্থবছরের আগের তিনমাসে ব্যবসায়ীদের আস্থার অবস্থান ছিল মাইনাস ৩ এ।
]১৯৭০ দশকে তেল সংকটের পর জাপানের ব্যবসায়ীদের মানসিকতার সবচেয়ে ভগ্নদশার চিত্র এটি। ২০০২ সালের পর ব্যবসার ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে উদ্বেগের চিত্রও এটি।
বিশ্বব্যাপী বর্তমান অর্থনৈতিক সংকটে জাপানি ব্যবসায়ীদের আস্থাও কমে যাওয়ার কথা। কিন্তু এতোটা কমার আশা করেনি ব্যাংক অব জাপান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭০৮ ঘ.
bdnews24