মানামা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতা গ্রহণের পর প্রথম দিকেই তাকে ঝামেলায় ফেলার চেষ্টা না করতে যুক্তরাষ্ট্রের 'শত্র"দের' সতর্ক করে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস।
একই সঙ্গে গেটস জানান, ওবামা প্রশাসন মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের সমস্যাগুলোকে গুরুত্বের সঙ্গে নেওয়া অব্যাহত রাখবে।
বাহরাইনে শনিবার একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে গেটস বলেন, "আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, মার্কিন প্রশাসনে পরিবর্তন আমাদের মৌলিক নীতির ক্ষেত্রে বিশেষ করে মধ্যপ্রাচ্য বিষয়ে অবস্থানে কোনো পরিবর্তন আনবে না।"
ইরানের বিষয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানি নেতাদের ক্ষমতা থেকে তাড়াতে চায় না তবে ইরানের নীতিতে পরিবর্তন দেখতে চায়।
গেটস বলেন, "আমরা ইরানের রাষ্ট্র ক্ষমতায় পরিবর্তন চাইছি না। আমরা চাই তাদের নীতি এবং আচরণে পরিবর্তন।"
নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জোসেফ বাইডেনসহ অনেক পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ মনে করছেন, যুক্তরাষ্ট্রের শত্র"রা ওবামা সরকারের প্রথম দিকে সংকট সৃষ্টির পায়তারা করতে পারে।
গেটস বলেন, "যদি কেউ মনে করে আগামী মাসগুলোতে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনকে বেকায়দায় ফেলার সুযোগ তৈরি হবে, তাহলে তারা বড় ধরণের ভুল করবে।"
তিনি আরও বলেন, "আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের মুহূর্ত থেকে ওবামা এবং আমি নিজেসহ তার জাতীয় নিরাপত্তা টিম প্রস্তুত থাকবে যুক্তরাষ্ট্র এবং আমাদের বন্ধু ও মিত্রদের স্বার্থ সমুন্বত রাখতে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এসকে/২০৩৫ ঘ.
bdnews24