২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু নিরস্ত্রিকরণ মন্থর করার হুমকি দিয়েছে উ. কোরিয়া

যুক্তরাষ্ট্র জ্বালানি সাহায্য দেওয়া স্থগিত ঘোষণার পর উত্তর কোরিয়া শনিবার পরমাণু নিরস্ত্রিকরণের গতি মন্থর করার হুমকি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2008, 12:02 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

সিউল, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র জ্বালানি সাহায্য দেওয়া স্থগিত ঘোষণার পর উত্তর কোরিয়া শনিবার পরমাণু নিরস্ত্রিকরণের গতি মন্থর করার হুমকি দিয়েছে। বেজিংয়ে পরমাণু বিষয়ক আলোচনায় ব্যর্থ হওয়ার পর শনিবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, উত্তর কোরিয়াকে দেওয়া জ্বালানি সাহায্য স্থগিত করা হয়েছে। ছয়জাতি আলোচনায় সুনির্দিষ্ট অগ্রগতি না হওয়া পর্যন্ত জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শন ম্যাককরমেক সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনারত পাঁচটি দেশই- জাপান, রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া- পিয়ংইয়ংয়ের সঙ্গে তথাকথিত 'ভেরিফিকেশন প্রটোকল' বিষয়ে অগ্রগতি না হওয়া পর্যন্ত জ্বালানি সরবরাহ বন্ধ রাখতে একমত হয়েছে। তিনি বলেন, "অগ্রগতি না হওয়া পর্যন্ত দেশটিতে কোন জ্বালানি পাঠানো হবে না। পিয়ংইয়ংয়ের বিষয়টি উপলব্ধি করা উচিত।" এর পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া তার প্রধান পারমাণবিক স্থাপনাটি গুটিয়ে ফেলার কাজ মন্থর করে দেওয়ার হুমকি দিয়েছে। এতে করে ছয়জাতি চুক্তি আরও ঝুঁকির মুখে পড়ল। কিয়োডো সংবাদসংস্থা জানায়, উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কিম কায়ে-গন শনিবার বেজিংয়ে বলেছেন, "সাহায্য বন্ধ হয়ে গেলে উত্তর কোরিয়া পারমাণবিক স্থাপনা নিষ্ক্রিয় করার কাজের গতি নতুন করে নির্ধারণ করতে পারে।" ২০০৭ সালের ছয়জাতি চুক্তি অনুযায়ী, উত্তর কোরিয়া তাদের পরমাণু কার্যক্রম বন্ধ ও প্রকল্প ধ্বংস করলে যুক্তরাষ্ট্র তাদের বড় ধরনের জ্বালানি সাহায্যের প্রতিশ্র"তি দেয়। এছাড়া যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে তাদের সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেবে বলে জানায়। যুক্তরাষ্ট্র, চীন, জাপান, রাশিয়া এবং দক্ষিণ ও উত্তর কোরিয়াকে নিয়ে ছয়জাতি চুক্তি অনুযায়ী ইয়ংবিয়ন পরমাণু প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া। কিন্তু যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্র"তি রাখেনি-- এই অভিযোগ তুলে গত সেপ্টেম্বর মাসে উত্তর কোরিয়া ছয়জাতি পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয়। দেশটি জানায়, তারা ইয়ংবিয়ন পরমাণু প্রকল্পের কাজ আবার শুরু করবে। এরপর তারা জাতিসংঘ পর্যবেক্ষকদের দেশ থেকে বের করে দেয়। উত্তর কোরিয়ার এ হুমকির মুখে অবশেষে গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র দেশটিকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৫০ ঘ.