২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ায় জ্বালানি সাহায্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ায় জ্বালানি সাহায্য দেওয়া স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র বিষয়ে ছয়জাতি আলোচনায় সুনির্দিষ্ট অগ্রগতি না হওয়া পর্যন্ত জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2008, 09:56 AM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ফুকুওকা, জাপান, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- উত্তর কোরিয়ায় জ্বালানি সাহায্য দেওয়া স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র বিষয়ে ছয়জাতি আলোচনায় সুনির্দিষ্ট অগ্রগতি না হওয়া পর্যন্ত জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে। এ সপ্তাহে বেজিংয়ে উত্তর কোরিয়ার পরমাণুবিষয়ক আলোচনা ব্যর্থ হওয়ার পর শনিবার এ সিদ্ধান্তের কথা জানাল ওয়াশিংটন। এর পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া তার প্রধান পারমাণবিক স্থাপনাটি গুটিয়ে ফেলার কাজ মন্থর করে দেওয়ার হুমকি দিয়েছে। এতে করে ছয়জাতি চুক্তি আরও ঝুঁকির মুখে পড়ল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শন ম্যাককরমেক সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনারত পাঁচটি দেশই- জাপান, রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া- পিয়ংইয়ংয়ের সঙ্গে তথাকথিত 'ভেরিফিকেশন প্রটোকল' বিষয়ে অগ্রগতি না হওয়া পর্যন্ত জ্বালানি সরবরাহ বন্ধ রাখতে একমত হয়েছে। তিনি বলেন, "অগ্রগতি না হওয়া পর্যন্ত দেশটিতে কোন জ্বালানি পাঠানো হবে না। পিয়ংইয়ংয়ের বিষয়টি উপলব্ধি করা উচিত।" কিয়োডো সংবাদসংস্থা জানায়, জবাবে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কিম কায়ে-গন শনিবার বেজিংয়ে বলেছেন, "সাহায্য বন্ধ হয়ে গেলে উত্তর কোরিয়া পারমাণবিক স্থাপনা নিষ্ক্রিয় করার কাজের গতি নতুন করে নির্ধারণ করতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫৪৬ ঘ.