ওয়াশিংটন, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- যুক্তরাষ্ট্রের বৃহৎ তিনটি গাড়ি নির্মাতা কোম্পানির জন্য সাহায্য প্রস্তাবটি সিনেটে প্রত্যাখ্যাত হওয়ার পর তাদের রক্ষায় এগিয়ে এসেছে বুশ প্রশাসন ।
বিশাল এই কোম্পানিগুলোর পতন ঘটলে মন্দাক্রান্ত মার্কিন অর্থনীতির পরিণতি আরও ভয়াবহ হবে- এই হুঁশিয়ারি দিয়ে হোয়াইট বলেছে: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংকট ঠেকাতে ইতিমধ্যে যে ৭০০ বিলিয়ন ডলারের তহবিল নেওয়া হয়েছে তার থেকে একটি অংশ কোম্পানিগুলোকে দেওয়ার চিন্তাভাবনা করছে প্রশাসন।
হোয়াইট হাউজের মুখপাত্র ডানা পেরিনো বলেছেন, "অর্থনীতির বর্তমান অবস্থা এমনই যে, গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানগুলোর বিশৃঙ্খলভাবে দেউলিয়া হয়ে যাওয়ার ধাক্কা সামলানো সম্ভব হবে না।"
জেনারেল মোটর, ক্রাইসলার ও ফোর্ড কোম্পানিকে রক্ষায় ১৪ বিলিয়ন ডলারের সাহায্য প্রস্তাবটি সিনেট সদস্যদের ভোটাভুটির জন্য পেশ করা হবে কীনা, বৃহস্পতিবার রাতে সে সিন্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তা নাকচ হয়ে যায়।
হোয়াইট হাউজ ও ডেমোক্র্যাট দলের সমর্থনপুষ্ট বিলটি গত বুধবার প্রতিনিধি পরিষদে পাশ হয়। কিন্তু সিনেটে তা আটকে যাওয়ায় প্রেসিডেন্ট বুশের রিপাবলিকান প্রশাসনের কাছে জরুরি অর্থ সাহায্যের আবেদন জানান ডেমোক্র্যাট নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পের মূল শ্রমিক ইউনিয়নটিও।
সাহায্য প্রস্তাবটি সিনেটে প্রত্যাখ্যাত হওয়ার খবরে বিশ্বব্যাপী শেয়ার বাজারে ধস নামে। বিশ্বের সবচেয়ে বেশি গাড়ি নির্মাতা টয়োটা মোটর কর্পোরেশনেরও তাদের মূল্যমাণের এক দশমাংশ হারায়। ইউরোপের গাড়ি নির্মাতাদের শেয়ারেরও ব্যাপক দরপতন ঘটে। এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারে সূচকের পতন ঘটেছে ৩ শতাংশেরও বেশি। জাপানের নিক্কেই এবং হংকংয়ের হেং সেং উভয়েরই পতন ঘটেছে ৫ শতাংশের বেশি।
তবে ওই তিনটি কোম্পানিকে রক্ষার শেষ চেষ্টায় হোয়াইট হাউজ ও মার্কিন অর্থবিভাগ এগিয়ে আসছে- এ খবরে শুক্রবার ওয়াল স্ট্রিটে কিছুটা চাঙ্গা ভাব দেখা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪২২ ঘ.
bdnews24