লন্ডন, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে শুক্রবার দুটি পৃথক বিস্ফোরণে চার ব্রিটিশ সেনা নিহত হয়েছে। বৃটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
বিবিসি জানায়, হেলমান্দ প্রদেশের সানজিন এলাকায় প্রথম বিস্ফোরণে এক মেরিন সেনা আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। একই এলাকার দক্ষিণে আরেক বিস্ফোরণে দুই কমান্ডো ও এক মেরিন সেনা নিহত হয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এ ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মুখ সমরে এরা জীবন দিল।"
২০০১ সালে পশ্চিমা বাহিনীর অভিযান শুরুর পর এই চারজনকে নিয়ে ১৩০ জনের বেশি ব্রিটিশ সেনা আফগানিস্তানে প্রাণ হারাল।
আফগানিস্তানে প্রায় ৮ হাজার ৩০০ ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে যাদের বেশিরভাগই অবস্থান করছে দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩০৯ ঘ.
bdnews24