নয়া দিল্লি, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/রয়টার্স)- মুম্বাই হামলার তদন্তের বিষয়ে বৃহস্পতিবার ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জন নেগ্রোপন্টে। তদন্তে সহযোগিতা করার জন্য পাকিস্তানসহ অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন নেগ্রোপন্টে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নারায়ননের সঙ্গে বৈঠক করেন নেগ্রোপন্টে। এ সময় নিরাপত্তা এবং মুম্বাই হামলায় পাকিস্তানি জঙ্গিদের জড়িত থাকার ভারতীয় অভিযোগের বিষয়ে আলোচনা হয়।
এক বিবৃতিতে নেগ্রোপন্টে বলেন, "মুম্বাই হামলার তদন্ত এবং দোষীদের খুঁজে বের করে আইনের কাছে সোপর্দ করাই এই মুহূর্তের প্রধান কাজ।"
তিনি বলেন, "আমরা এই প্রচেষ্টায় সহযোগিতা করছি। ভারতই থাকবে তদন্তের কেন্দ্রভাবে। তবে এ কাজে ভারতকে সহযোগিতা করার দায়িত্ব আমাদের সকলের।"
পাকিস্তানে এক দিনের সফর শেষে ভারতে এসেছেন নেগ্রোপন্টে।
মুম্বাই হামলার পর পরমাণু শক্তিধর ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা প্রশমনে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আফগান সীমান্তবর্তী অঞ্চলে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য পাকিস্তানের ওপর চাপ বৃদ্ধি করে চলেছে তারা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস গত সপ্তাহে ভারত ও পাকিস্তান সফর করে গেছেন।
ভারতকে মুম্বাই হামলা তদন্তে সহযোগিতা এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন রাইস। একই সঙ্গে তিনি ভারতকেও শান্ত থাকতে বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২১০ঘ.
bdnews24