ওয়াশিংটন, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের আবু গারিব ও কিউবার গুয়ান্তানামো বে কারাগারে বন্দি নির্যাতনের জন্য সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড ও অন্যান্য কর্মকর্তাদের দায়ী করেছে সিনেটের আর্মড সার্ভিসেস কমিটি। বৃহস্পতিবার কমিটির প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, বন্দি নির্যাতনের জন্য এরা অনেকটাই দায়ী।
প্রতিবেদনে বলা হয়, গুয়ান্তানামো বে'র মার্কিন বন্দি শিবিরে ২০০২ সালের ২ ডিসেম্বরে আগ্রাসী জিজ্ঞাসাবাদ কৌশল কাজে লাগানোর ক্ষমতা দিয়ে রামসফেল্ড নির্যাতন চালানোর সুযোগ করে দিয়েছেন।
ছয় সপ্তাহ পর তিনি ওই ক্ষমতা বাতিল করেছিলেন। কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে, আগ্রাসী কৌশল অবলম্বনে রামসফেল্ডের সম্মতির কথা মার্কিন সেনাবাহিনীর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়তে থাকে এবং সেনারা ইরাক থেকে আফগানিস্তান পর্যন্ত কঠোর পদ্ধতিতে বন্দিদের কাছ থেকে কথা আদায়ে উৎসাহিত হয়।
প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে, গুয়ান্তানামোয় বন্দি নির্যাতনের প্রত্যক্ষ কারণ হচ্ছে রামসফেল্ডের কর্মকান্ড। আফগানিস্তান এবং ইরাকে নির্যাতনমূলক পদ্ধতিতে বন্দিদের জেরা করার কৌশল ব্যবহারের মূলে ছিলেন তিনি। ২০০৩ সালের শেষ দিকে ইরাকের আবু গারিবে বন্দি নির্যাতনের ঘটনা কেবল সেনারা নিজে নিজে ঘটনায়নি।
আফগানিস্তান এবং গুয়ান্তানামো বে কারাগারে বন্দিদের উলঙ্গ করে রাখা, কুকুর লেলিয়ে দিয়ে ভয় দেখানো কিংবা রাস্তায় নিয়ে দাঁড় করিয়ে রাখার মতো নির্যাতন সেনারা করেছিল ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমোদন পেয়েই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২৬ ঘ.
bdnews24