২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতাদের সাহায্য প্রস্তাব সিনেটের দোরগোড়ায় প্রত্যাখ্যান

যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানকে রক্ষায় ১৪ বিলিয়ন ডলারের সাহায্য প্রস্তাবটি সিনেটের দোরগোড়ায় গিয়ে প্রত্যাখ্যাত হয়েছে। সিনেট সদস্যদের ভোটাভুটির জন্য বিলটি পেশ করা হবে কীনা, বৃহস্পতিবার রাতে সে সিন্ধান্ত গ্রহণের ভোটভুটির প্রক্রিয়ায় তা নাকচ হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2008, 08:20 AM

Updated : 07 Jul 2022, 05:50 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)-- যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানকে রক্ষায় ১৪ বিলিয়ন ডলারের সাহায্য প্রস্তাবটি সিনেটের দোরগোড়ায় গিয়ে প্রত্যাখ্যাত হয়েছে। সিনেট সদস্যদের ভোটাভুটির জন্য বিলটি পেশ করা হবে কীনা, বৃহস্পতিবার রাতে সে সিন্ধান্ত গ্রহণের ভোটভুটির প্রক্রিয়ায় তা নাকচ হয়ে যায়।

চরম অর্থ সংকটে নিমজ্জিত কোম্পানিগুলোকে বাঁচিয়ে রাখতে ডেমোক্র্যাট দল ও হোয়াইট হাউজের চেষ্টা ব্যর্থ হওয়ার খবরের হতাশায় এশিয়ার শেয়ার বাজারেও অস্থিরতা দেখা গেছে।

হোয়াইট হাউজ বলে আসছিল, বৃহৎ তিনটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানকে "বিশৃঙ্খলভাবে দেউলিয়া হয়ে যাওয়া থেকে রক্ষার সেরা উপায় হচ্ছে" এই অর্থ সাহায্য বিল।

হোয়াইট হাউজ ও ডেমোক্র্যাট দলের সমর্থনপুষ্ট বিলটি গত বুধবার প্রতিনিধি পরিষদে পাশ হয়। সিনেটে তা পাশ হওয়ার জন্য ডেমোক্র্যাটরা কয়েকজন রিপাবলিকান সদস্যদের সমর্থন আদায়ের চেষ্টা করছিলেন। কারণ, সিনেটে মাত্র ১ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ডেমোক্র্যাটদের। তা ছাড়া ডেমোক্র্যাটদলীয় কয়েকজন সিনেটরও বিলটির বিরুদ্ধে অবস্থান নেবে বলে ধারণা করা হচ্ছিল।

সিনেটে ভোটাভুটির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় রিপাবলিকান সদস্যরা দাবি তোলেন: গাড়ি নির্মাণ শ্রমিক ইউনিয়নকে দ্রুত মজুরি কমানোর সিদ্ধান্তে আসতে হবে।

"বিষয়টি শেষ হয়ে গেছে" - সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হ্যারি রিড হতাশ স্বরে জানান এ কথা। তিনি বলেন, "এতে পুরো দেশেরই লোকসান হলো।"

"আগামীকাল ওয়াল স্ট্রিটে কী প্রতিক্রিয়া হবে ভেবে আমি ভয় পাচ্ছি। নিশ্চয়ই এর সূচকগুলোর চেহারা ভাল দেখাবে না।"

তিনি দুঃখ করে বলেন, "শুধু গাড়ি নির্মাণ শ্রমিকই নয়, কোটি কোটি আমেরিকান, যারা গাড়ি বিক্রি করে, গাড়িতে কাজ করে, গাড়ির ডিলারশিপ যাদের, তারাও প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে এ সিদ্ধান্তে।"

জেনারেল মোটর, ক্রাইসলার ও ফোর্ড নিজেদের রক্ষার মরিয়া চেষ্টায় অর্থ সাহায্য পেতে মার্কিন আইন প্রণেতা ও সরকারের উঁচু পর্যায়ে গত কয়েকমাস ধরে ধরণা দিয়ে আসছিল। তাদের ব্যর্থতার খবর দ্রুত ছড়িয়ে পড়লে জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ায় পুঁজি বাজারে দরপতন ঘটে। এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারে সূচকের পতন ঘটেছে ৩ শতাংশেরও বেশি। জাপানের নিক্কেই এবং হংকংয়ের হেং সেং উভয়েরই পতন ঘটেছে ৫ শতাংশের বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩৫৪ ঘ.