কান্দাহার, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বৃহস্পতিবার বলেছেন, আগামী গ্রীষ্ম নাগাদ আফগানিস্তানে আরও কমপক্ষে সাত হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। একই সঙ্গে জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে আফগানদের আরও বৃহত্তর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরে একটি মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শনকালে গেটস বলেন, আফগানিস্তানে মিত্রবাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল ডেভিড ম্যাককিরম্যানের চাহিদা অনুযায়ী দেশটিতে আরও মার্কিন সেনা পাঠানোর জন্য তিনি কাজ করছেন।
বিমানে সফরসঙ্গী সাংবাদিকদের গেটস বলেন, "ম্যাককিরম্যানের অনুরোধে পরবর্তী গ্রীষ্ম নাগাদ আফগানিস্তানে আরও অতিরিক্ত দুই ব্রিগেড সেনা পাঠানোর চেষ্টা করা হচ্ছে।"
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনেও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে থাকবেন গেটস।
আফগানিস্তানে এই মুহূর্তে ৬৫ হাজার বিদেশি সেনা মোতায়েন রয়েছে। এর মধ্যে ৩১ হাজার মার্কিন সেনা।
এছাড়া আগামী জানুয়ারি নাগাদ এক ব্রিগেড বা প্রায় সাড়ে তিন হাজার মার্কিন সেনা আফগানিস্তানে মোতায়েনের অপেক্ষায় আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৫০ ঘ.
bdnews24