ইসলামাবাদ, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের মুম্বাইয়ে গত মাসে সন্ত্রাসী হামলার পর জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পাকিস্তানের ওপর দিনে দিনে চাপ বাড়ছে। পাকিস্তান সফরে মঙ্গলবার ইসলামাবাদ পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী জন নেগ্রোপন্টে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, নেগ্রোপন্টে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কাসুরির সঙ্গেও বৈঠক করবেন।
ইসলামাবাদে মার্কিন দূতাবাসের মুখপাত্র লিউ ফিন্টর জানিয়েছেন, আঞ্চলিক ইস্যু নিয়ে পাকিস্তানি নেতাদের সঙ্গে আলেচনা করবেন নেগ্রোপন্টে।
মুম্বাই হামলার পর পরমাণু শক্তিধর ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা প্রশমনে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আফগান সীমান্তবর্তী অঞ্চলে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য পাকিস্তানের ওপর চাপ বৃদ্ধি করে চলেছে তারা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস গত সপ্তাহে ভারত ও পাকিস্তান সফর করে গেছেন।
ভারতকে মুম্বাই হামলা তদন্তে সহযোগিতা এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন রাইচ। একই সঙ্গে তিনি ভারতকেও শান্ত থাকতে বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/এফএইচবি/২০২০ ঘ.
bdnews24