২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের সঙ্গে আলোচনা শুরু করতে ওবামাকে ইরাকের আহ্বান

মধ্যপ্রাচ্যে বৃহত্তর স্থিতিশীলতার স্বার্থে ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর পদক্ষেপ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছে ইরাক সরকার। সরকারের এক মুখপাত্র বৃহস্পতিবার একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2008, 01:44 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

বাগদাদ, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মধ্যপ্রাচ্যে বৃহত্তর স্থিতিশীলতার স্বার্থে ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর পদক্ষেপ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছে ইরাক সরকার। সরকারের এক মুখপাত্র বৃহস্পতিবার একথা জানান। এছাড়া, ইরানের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক উন্নয়নে সংলাপের আহ্বান জানান মুখপাত্র আলি আল-দাব্বাহ। ওয়াশিংটনে একটি ভাষণ শেষে এক বিবৃতিতে দাব্বাহ বলেন, "লক্ষ্য অর্জনের জন্য মুক্তমন নিয়ে কাজ শুরু করার সময় এসেছে। তবে এজন্য নমনীয় নীতি এবং লক্ষ্যে অঙ্গীকারাবদ্ধ থাকতে হবে।" যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা প্রচেষ্টায় এর আগেও সমর্থন দিয়ে এসেছে ইরাকের শিয়া নেতৃত্বাধীন সরকার। যুক্তরাষ্ট্র সমর্থিত ইরাকি এই সরকারের সঙ্গে ইরানের শিয়া সরকারের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ওবামা অনেক আগে থেকে বলে আসছেন তিনি ইরানের সঙ্গে সরাসরি আলোচনার পক্ষপাতী। তবে তিনি এও বলেছেন, বিতর্কিত পরমাণু কর্মসূচির বিষয়টি নিয়ে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপও নিতে পারেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তবে ইরান বরাবর এই অভিযোগ অস্বীকার করে এসেছে। ইরানের দাবি তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই তা পরিচালিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৩৫ ঘ.