২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসে ৬ষ্ঠ দিনেও বিক্ষোভ অব্যাহত, কিছুটা শান্ত এথেন্স

গ্রিসে টানা ৬ষ্ঠ দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। এথেন্সের উপ-শহরগুলোতে বৃহস্পতিবার পুলিশ স্টেশনে পাথর ও বোমা ছুড়েছে বিক্ষোভকারীরা। তবে আগের পাঁচ দিনের তুলনায় এদিন কিছুটা শান্ত ছিল রাজধানী এথেন্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2008, 01:14 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

এথেন্স, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিসে টানা ৬ষ্ঠ দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। এথেন্সের উপ-শহরগুলোতে বৃহস্পতিবার পুলিশ স্টেশনে পাথর ও বোমা ছুড়েছে বিক্ষোভকারীরা। তবে আগের পাঁচ দিনের তুলনায় এদিন কিছুটা শান্ত ছিল রাজধানী এথেন্স। অবসর ভাতা সংস্কার এবং বেসরকারীকরণের প্রতিবাদে শ্রমিক ইউনিয়নের ডাকা ২৪ ঘণ্টার ধর্মঘট শেষে বৃহস্পতিবার কাজে যোগ দিয়েছে মানুষ। বুধবারের ধর্মঘটে অচল হয়ে পড়েছিল পুরো দেশ। বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় থেসালোনিকি শহরের কেন্দ্রীয় পুলিশ স্টেশন অবরোধ করে প্রায় পাঁচশ' বিক্ষোভকারী। এছাড়া পশ্চিমাঞ্চলীয় বন্দর নগর পাত্রাস ও উত্তরাঞ্চলীয় লোয়ানিনা শহরে এ দিনে বড় ধরণের বিক্ষোভ হয়েছে। প্রধানমন্ত্রী কোন্টাস কারাম্যানিলাস রাজনৈতিক নেতাদের প্রতি ঐক্যের ডাক দিয়েছেন এবং ইউনিয়ন নেতাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। কিন্তু বিরোধীদলের আপোসের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। সোশ্যালিস্ট পার্টির মুখপাত্র জর্জ পাপাকনস্ট্যানটিনউ বুধবার বলেন, "প্রধানমন্ত্রী ও তার সরকারই দেশব্যাপী এই সংকটের জন্য দায়ী।" মঙ্গলবার এথেন্সে পার্লামেন্ট ভবন অবরোধ করে বিক্ষোভকারীরা। সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষও হয়েছে। শনিবার পুলিশের গুলিতে এক কিশোর নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চলমান এ সংঘর্ষ অবসানে সরকারের পদত্যাগ এবং নির্বাচনের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা জর্জ পাপানদ্রুয়ে। পুলিশের গুলিতে ১৫ বছরের কিশোর অ্যালেক্সান্ডার গ্রিগরোপৌলাস নিহত হওয়ার পর বুধবার গ্রিসে ৬ষ্ঠ দিনের মতো বিক্ষোভ চলছে। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিক্ষোভ এটি। বিক্ষোভকারীরা শত শত বাড়ি ভাঙচুর করেছে এবং জ্বালিয়ে দিয়েছে। এতে এ পর্যন্ত প্রায় ৫০ জন আহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে প্রায় ১৫০ জনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯০৫ ঘ.