ব্যাংকক, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে আগামী সোমবার পার্লামেন্টে ভোটাভুটি হবে। বিরোধী ডেমোক্র্যাট পার্টির এক মুখপাত্র বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
ডেমোক্র্যাট পার্টির সেক্রেটারি জেনারেল সুথেপ থগসুবান রয়টার্সকে বলেন, "প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য রাজা পার্লামেন্টের বিশেষ অধিবেশন আহ্বানের অনুমতি দিয়েছেন। আগামী ১৫ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করেছেন স্পিকার।"
নির্বাচনী জালিয়াতির অভিযোগে ক্ষমতাসীন জোটের প্রধান দল থাকসিনপন্থি পিপল পাওয়ার পার্টিকে (পিপিপি) গত বুধবার আদালত নিষিদ্ধ করে। আদালত প্রধানমন্ত্রী সোমচাই ওয়াংসোয়াতকেও দুই বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করে। এর ফলে পার্লামেন্টকে এখন প্রধানমন্ত্রী সোমচাইয়ের জায়গায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
বিদায়ী সরকার এবং বিরোধী ডেমোক্র্যাট পার্টি উভয়ই প্রধানমন্ত্রী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। দুই পক্ষই দাবি করে আসছে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা তাদের আছে।
ডেমোক্র্যাট নেতা সুথেপ বলেন, সাবেক ছয়দলীয় জোট সরকারের অংশীদার চারটি ছোট দল আমাদের সমর্থন দিয়েছে। তারা নিশ্চিত করেছে, ডেমোক্র্যাট পার্টির নেতা অভিসিত ভেজ্জাজিভা প্রধানমন্ত্রী হচ্ছেন।
ডেমোক্র্যাট পার্টি এবং তার মিত্ররা দাবি করেছে, ৪৮০ আসনের পার্লামেন্টে তাদের পক্ষে আছে ২৬০টি আসন।
অন্যাদিকে, সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাপন্থি দলও গত রোববার দাবি করে, জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা তাদের আছে।
আদালত পিপিপিকে নিষিদ্ধ করায় দলটি নতুন করে পুয়া থাই নামে যাত্রা শুরু করেছে। থাকসিনের থাই রক থাই পার্টিকে নিষিদ্ধ করার পর সেটি ভেঙে পিপিটি গঠন করা হয়েছিল।
পুয়া থাই পার্টির উপ-নেতা কানাওয়াত ওয়াসিনসুংগরম গত রোববার বলেন, "এখন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ভোটের চেয়েও বেশি ভোট আমাদের আছে। আমাদের সাবেক জোট মিত্ররা আমাদের সঙ্গে যোগ দেবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/ ১৮৩০ ঘ.
bdnews24