২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের প্রতি ৪০ জনকে হস্তান্তরের দাবি ভারতের

ভারত ম্ম্বুাইয়ে হামলা ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ৪০ জনের একটি তালিকা পাকিস্তানের কাছে দিয়ে তাদের হস্তান্তর করতে বলেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি বৃহস্পতিবার পার্লামেন্টে এ কথা বলেছেন। তিনি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2008, 10:24 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

নয়াদিল্লি, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ভারত ম্ম্বুাইয়ে হামলা ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ৪০ জনের একটি তালিকা পাকিস্তানের কাছে দিয়ে তাদের হস্তান্তর করতে বলেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি বৃহস্পতিবার পার্লামেন্টে এ কথা বলেছেন। তিনি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। পার্লামেন্টে মুম্বাই হামলার ওপর বিতর্ক চলাকালে প্রণব মুখার্জি বলেন, "আমরা একজন বা ২০ জন নয়, ৪০ জনের তালিকা তাদের দিয়েছি। এটাও বলেছি, তাদের হস্তান্তর করা না হলে সমস্যার সমাধান হবে না।" ভারতের কর্মকর্তারা এর আগে পাকিস্তানের প্রতি ২০ জন সন্দেহভাজন জঙ্গিকে হস্তান্তরের দাবি জানিয়ে বলে, এদের অনেকে গতমাসে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত ছিল। পার্লামেন্টে একজন সদস্য ক্রুদ্ধ স্বরে জিজ্ঞেস করেন, ভারতে গোলযোগ সৃষ্টি করার চেষ্টায় পাকিস্তান জড়িত বলে অনেক প্রমাণ থাকা সত্ত্বেও কেন পাকিস্তানের ওপর আক্রমণ চালানো হচ্ছে না? এর জবাবে প্রণব বলেন, "এটা কোন সমাধান নয়।" ইসলামাবাদ তালিকায় উল্লেখ করা সন্ত্রাসীরা পাকিস্তানে নেই অথবা তাদের হস্তান্তর করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ দিল্লি হাজির করেনি বলে দাবি করে আসছে। নয়াদিল্লির তালিকায় কাশ্মীরে ভারতীয় শাসন অবসানের লক্ষ্যে যুদ্ধরত অন্তত দুটি জঙ্গিগোষ্ঠীর প্রতিষ্ঠতারাও রয়েছেন। ভারত বলছে, এই জঙ্গি গোষ্ঠীরা ভারতে অন্যান্য শহরেও হামলার বিস্তার ঘটিয়েছে। মুখার্জি পাকিস্তানের উদ্দেশে বলেন, "আপনারা আমাদের এই দাবি প্রত্যাখ্যান করতে পারতে পারেন, কিন্তু টেলিভিশন পর্দায় যখন ওইসব সন্ত্রাসীর মুখ ভেসে ওঠে তখন আপনাদের লোকজনকেই ব্যাপারটি কীভাবে বোঝাবেন?" তিনি পাকিস্তানের মাটি থেকে হামলা চালানো বন্ধ করতে ইসলামাবাদের প্রতি আরও বেশি কিছু করার আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬১৩ ঘ.