বোস্টন, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- যমজ বোনের একজনের ডিম্বাশয় অন্যজনের শরীরে প্রতিস্থাপনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া সম্ভব করেছে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের চিকিৎসকরা। ১৫ বছর বয়সেই রজোনিবৃত্তি ঘটে একবোন বন্ধ্যাত্ব দশায় পড়ে। ৩৮ বছরে পৌঁছার পর অন্য বোনের দেওয়া ডিম্বাশয় প্রতিস্থাপনের মাধ্যমে গত ১১ নভেম্বর একটি কন্যাসন্তান জন্ম দিয়েছেন তিনি।
পূর্ণাঙ্গ ডিম্বাশয় প্রতিস্থাপন এবং এর মাধ্যমে জীবিত শিশুর জন্ম দেওয়ার ঘটনা চিকিৎসা বিজ্ঞানে এটাই প্রথম বলে দাবি করেছেন বোস্টনের সেইন্ট লুইর ইনফারিটিলি সেন্টারের চিকিৎসকরা।
নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে চিকিৎসকরা লিখেছেন, তাদের এই পদ্ধতির মাধ্যমে ক্যান্সারে আক্রান্ত রোগী কিংবা বেশি বয়সে মা হতে ইচ্ছুকদের গর্ভধারণ ক্ষমতা রক্ষা করা সম্ভব হবে।
ইনফারিটিলি সেন্টারের ডা. শেরমান সিলভার ও তার সতীর্থরা বলেন, এর আগে তারা ডিম্বাশয়ের উপরে স্তরটি প্রতিস্থাপন করতে গিয়ে দেখেন, কোষ সুপ্তাবস্থায় থাকলেও সেগুলোকে সন্তান জন্ম দেওয়ার মতো সক্রিয় করে তোলা সম্ভব। ৮ জন মহিলার ওপর এই পদ্ধতিতে তারা ৬টি শিশুর জন্ম দিতে সক্ষম হন। তবে কোষে রক্ত চলাচল কম হওয়ায় তাদের ডিমের তিনভাগের দুইভাগই মরে যায়। এ ছাড়া ওই মহিলাদের খুব দ্রুত, তিন বছরের মধ্যেই রজোনিবৃত্তি ঘটে।
এই সমস্যার সমাধানে সিলভারের দলটি পূর্ণাঙ্গ ডিম্বাশয় প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিয়ে সফল হয়েছেন। তারা গ্রাফটের কাজটি সফল হওয়ার জন্য দুটি শিরা ও একটি ধমনীর পুনঃসংযোগ ঘটান। এই কাজটি ছিল সবচেয়ে চ্যালেঞ্জের কারণ পুনঃসংযোগের জন্য রক্তনালিকাগুলো ছিল খুবই সরু।
সিলভার বলেন, যদিও এই পরীক্ষাটি করা হয়েছে যমজ দুইবোনের ওপর যাদের একজন অপরিণত বয়সে সন্তান ধারণে অক্ষম হয়ে পড়ে। কিন্তু আমরা আশাবাদী আলাদা ও সম্পর্কবিহীন নারীদের ক্ষেত্রে এ পদ্ধতি প্রয়োগ করা সম্ভব হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪৩৮ ঘ.
bdnews24