শিকাগো, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)-- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া বারাক ওবামা ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর রড ব্লাগোজেভিচকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। ব্লাগোজেভিচের বিরুদ্ধে ওবামার ছেড়ে দেওয়া সিনেট আসনে অর্থের বিনিময়ে কাউকে নিয়োগ দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এই অভিযোগে গত মঙ্গলবার সকালে গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পান তিনি।
ওবামার মুখপাত্র রবার্ট গিবস বলেছেন, গভর্নর রড ব্লাগোজেভিচের পদত্যাগ করা উচিত। কারণ, "বর্তমান পরিস্থিতিতে গভর্নরের পক্ষে যথাযথভাবে তার দায়িত্ব পালন এবং ইলিনয়ের জনগণের সেবা করা সম্ভব নয়।"
অভিযোগ ওঠার পর গণমাধ্যমে ব্যাপক লেখালেখির পরিপ্রেক্ষিতে গভর্নর ব্লাগোজেভিচ বুধবার তার ৫২ তম জন্মদিনে সরকারি বাসভবন ছেড়ে যান। তবে তিনি কোন মন্তব্য করেননি। তার অফিস থেকে জানানো হয়, তিনি রাজ্যের বাজেট-বৈঠকে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
৫০ সদস্যের সিনেট ডেমোক্র্যাটিক ককাস ব্লাগোজেভিচকে ওবামার সিনেট আসনে কারও নাম ঘোষণা না করার আহ্বান জানিয়ে তাকে পদত্যাগ করতে বলেছে। ব্লাগোজেভিচের নিয়োগ দেওয়া ব্যক্তিকে গ্রহণ না করারও হুমকি দিয়েছে এই ককাস।
ব্লাগাজেভিচকে লেখা চিঠিতে ককাস বলেছে, "সিনেটের ওই আসনটি নিয়ে কেন্দ্রীয় সরকার দুর্নীতির অভিযোগ আনায় এবং গতকাল আপনাকে গ্রেপ্তার করার পর আপনি কাউকে নিয়োগ দিলে মারাত্মক প্রশ্ন উঠবে।"
ওবমার ছেড়ে দেওয়া পদটিতে নিয়োগ দেওয়ার একমাত্র কর্তৃত্ব হচ্ছে রাজ্যের গভর্নরের। গত ৪ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর হোয়াইট হাউজে প্রবেশের জন্য সিনেট আসন থেকে পদত্যাগ করেছেন ওবামা।
এ আসনে এক মিলিয়ন ডলারের বিনিময়ে গভর্নর যাকে বসাতে চাচ্ছিলেন তিনি ওই রাজ্যে ডেমোক্র্যাটিক দলীয় কংগ্রেস সদস্য জ্যাসি জ্যাকসন জুনিয়র বলে খবর প্রকাশ হয়েছে। তবে জ্যাকসন কোনওরকম অন্যায় করার কথা অস্বীকার করেছেন।
যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের বিখ্যাত নেতা ও একসময়কার প্রেসিডেন্ট পদপ্রার্থী জ্যাাসি জ্যাকসনের ছেলে জুনিয়র জ্যাকসন সাংবাদিকদের বলেন, "আমি স্পষ্ট ভাষায় বলতে চাই 'অর্থের বিনিময়ে' রাজনীতি করার বিষয়টি আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমি নিজে বা আমার পক্ষ থেকে কাউকে কোন প্রতিশ্র"তি নিয়ে গভর্নর ব্লাগোজেভিচের কাছে পাঠাইনি।"
জ্যাকসনও গভর্নরের পদত্যাগের দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩১১ ঘ.
bdnews24