অসলো, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মধ্যপ্রাচ্য সংকট সমাধানের উপায় খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী মার্টি আহতিসারি।
নরওয়ের রাজধানী অসলোর সিটি হলে বুধবার নোবেল পুরস্কার গ্রহণকালে তিনি এই আহ্বান জানান।
তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে শান্তি প্রচেষ্টায় অবদান রাখায় ২০০৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ও বর্ষীয়ান কূটনীতিক আহতিসারি। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরওয়ের রাজা হেরাল্ড ও রানি সোনজাসহ প্রায় এক হাজার আমন্ত্রিত অতিথি।
অনুষ্ঠানে আহতিসারি বলেন, "শান্তি হল সদিচ্ছার বিষয়। সব সংঘাতের অবসান হতে পারে এবং সংকটগুলো চিরস্থায়ী হতে দেওয়ার পেছনে কোনো অজুহাত থাকতে পারে না।"
তিনি বলেন, "আমি আশা করছি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট তার ক্ষমতার প্রথম বছরে মধ্যপ্রাচ্য সংকটকে সর্বাধিক গুরুত্বের সঙ্গে নেবেন।"
ইসরায়েল-ফিলিস্থিন থেকে শুরু করে ইরাক ও ইরানের সমস্যা সমাধানে ওয়াশিংটন ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং জাতিসংঘকেও প্রতিশ্র"তিবদ্ধ থাকতে হবে বলে জানান আহতিসারি।
তিনি বলেন, "আমরা যদি চিরস্থায়ী সমাধান চাই তাহলে পুরো অঞ্চলটির দিকেই আমাদের নজর দিতে হবে।"
"ওই অঞ্চলটিতে আতঙ্ক-উদ্বেগ এবং যুদ্ধ এত বেশি দিন ধরে চলছে যে অনেকেই এখন মনে করতে শুরু করেছে সমস্যার সমাধান কখনোই হবে না। কিন্তু আমি তা বিশ্বাস করি না।" বলেন, আহতিসারি।
তিনি বলেন, "মধ্যপ্রাচ্যসহ সব সমস্যারই সমাধান সম্ভব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/জিএনএ/২১০০ ঘ.
bdnews24