ব্রাসেলস, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ন্যাটো মঙ্গলবার জানিয়েছে, পাকিস্তানে গত সপ্তাহে তাদের সরবরাহ যানের একটি বড় বহরে জঙ্গি হামলা সত্ত্বেও আফগানিস্তানে সরবরাহ ব্যবস্থা তেমন ব্যাহত হয়নি।
ব্রাসেলসে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে ন্যাটো মহাসচিব জ্যপ দ্য হুপ শেফার বলেন, "আমাদের যোগাযোগ ব্যবস্থায় বড় ক্ষতি করতে পেরেছে- জঙ্গিদের এমনটা ভাবা আর স্বপ্নের মধ্যে থাকা একই কথা হবে। কারণ আমাদের বিকল্প পথ আছে।"
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরে গত রোববার ন্যাটোর সরবরাহ যানের একটি বড় বহরে হামলা চালায় জঙ্গিরা। এতে আফগানিস্তানে পশ্চিমা বাহিনীর জন্য রসদ এবং সাজোয়াযান নিয়ে যাচ্ছিল এমন ৯৬টি ট্রাক ধংস হয়।
আফগানিস্তানে সরবরাহ ঠিক রাখতে ওই হামলার পর থেকে বিকল্প সরবরাহ পথ খুঁজছে ন্যাটো ও মার্কিন বাহিনীর কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৩০ ঘ.
bdnews24