২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপাল সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি প্রচণ্ডের

নেপালের জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন মাওবাদী প্রধানমন্ত্রী পুস্প কমল দাহাল ওরফে প্রচণ্ড। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার চার মাসেরও কম সময়ের মধ্যে সাবেক মাওবাদী যোদ্ধাদের ভাগ্য নির্ধারণ নিয়ে প্রধান বিরোধীদলের সঙ্গে অচলবস্থার পরিপ্রেক্ষিতে প্রচণ্ড এ হুমকি দিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2008, 12:09 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

কাঠমান্ডু, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নেপালের জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন মাওবাদী প্রধানমন্ত্রী পুস্প কমল দাহাল ওরফে প্রচণ্ড। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার চার মাসেরও কম সময়ের মধ্যে সাবেক মাওবাদী যোদ্ধাদের ভাগ্য নির্ধারণ নিয়ে প্রধান বিরোধীদলের সঙ্গে অচলবস্থার পরিপ্রেক্ষিতে প্রচণ্ড এ হুমকি দিলেন। পশ্চিম নেপালে এ সপ্তাহে এক বৈঠকে প্রচণ্ড বলেন, কেন্দ্রীয় বিরোধীদল নেপালি কংগ্রেস পার্টি তার সঙ্গে সহযোগিতা না করলে তার দল রাস্তায় বিক্ষোভে নামবে। সরকারের সঙ্গে মাওবাদীদের শান্তিচুক্তিতে সাবেক মাওবাদী যোদ্ধাদের পুনর্বাসনের প্রস্তাব রয়েছে। ওই প্রস্তাব অনুযায়ী, ১৯,০০০ সাবেক মাওবাদী যোদ্ধার সমন্বয় ও পুনর্বাসনকাজ তদারকের জন্য অক্টোবরে একটি বহুদলীয় প্যানেল গঠন করে নেপাল সরকার। বর্তমানে এই যোদ্ধারা জাতিসংঘের তত্ত্বাবধানে রয়েছে। নেপালি কংগ্রেস পার্টি সরকারের গঠিত ওই প্যানেলে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে এবং মাওবাদীদের দাবি অনুযায়ী, সাবেক মাওবাদী যোদ্ধাদের নেপালের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করছে। মাওবাদীদের মুখপাত্র কৃষ্ণ বাহাদুর মাহারা রয়টার্সকে বলেছেন, "যোদ্ধাদের সুসংহত করতে নেপালি কংগ্রেস সরকারকে সহযোগিতা করছে না।" নেপালি কংগ্রেসের সঙ্গে এই বিরোধের মধ্যে প্রচণ্ডের সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি সম্পর্কে বিশ্লেষকরা অবশ্য বলছেন, এমন সম্ভাবনা নেই। প্রচণ্ড খুব সম্ভবত বিপ্লবী কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে উৎসাহী দলীয় কট্টরপন্থীদের শান্ত রাখতেই এ হুমকি দিয়েছেন। নেপাল সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষক লোক রাজ বরল বলেন, "প্রচণ্ড সরকার থেকে বেরিয়ে গেলে সেটি তার অদক্ষতারই পরিচয় হবে। মাওবাদীরা সরকার থেকে বেরিয়ে যাবে বলে আমি মনে করি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২০ ঘ.