২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বিপজ্জনক' পাকিস্তানের সঙ্গে জোরাল সম্পর্ক চায় ইইউ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক জোরদারে একমত হয়েছেন। ইইউ এর প্রেসিডেন্ট ফ্রান্স পাকিস্তানকে গুরুত্বপূর্ণ কিন্তু 'বিপজ্জনক' দেশ আখ্যা দিয়েছে। ব্রাসেলসে এক বৈঠকে মন্ত্রীরা আগামী বছরের শুরুতে পাকিস্তানে তিন সদস্যের একটি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সন্ত্রাসবিরোধী লড়াই, পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ ও বাণিজ্যসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা এগিয়ে নেওয়ার পথ খুঁজতে এই দল পাঠাবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2008, 08:44 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ব্রাসেলস, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক জোরদারে একমত হয়েছেন। ইইউ এর প্রেসিডেন্ট ফ্রান্স পাকিস্তানকে গুরুত্বপূর্ণ কিন্তু 'বিপজ্জনক' দেশ আখ্যা দিয়েছে। ব্রাসেলসে এক বৈঠকে মন্ত্রীরা আগামী বছরের শুরুতে পাকিস্তানে তিন সদস্যের একটি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সন্ত্রাসবিরোধী লড়াই, পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ ও বাণিজ্যসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা এগিয়ে নেওয়ার পথ খুঁজতে এই দল পাঠাবে তারা। এক বিবৃতিতে বলা হয়েছে, জানুয়ারিতে চেক রিপাবলিক ইইউ প্রেসিডেন্সি নেওয়ার পরবর্তী ছয়মাসে মন্ত্রীরা পাকিস্তানের সঙ্গে একটি সম্মেলন আয়োজনেরও চেষ্টা করবেন। এটিই হবে ইইউ এর সঙ্গে পাকিস্তানের প্রথম সম্মেলন। ইইউ এর এক কর্মকর্তা একথা বলেছেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনা বলেছেন, সোনাশাসক পারভেজ মুশাররফের পদত্যাগের পর পাকিস্তানের নতুন বেসামরিক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে সমর্থন দেওয়াই দেশটির সঙ্গে ইইউ'র সম্পর্ক জোরদারের লক্ষ্য। এক সংবাদ সম্মেলনে কুচনা বলেন, "আমরা দেশটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করি। দেশটি বিপজ্জনক বটে। তবে গোটা অঞ্চলের জন্য দেশটির গুরুত্ব আছে। জারদারির অধীনে পাকিস্তান সরকার যে লড়াইয়ে নেমেছে তাতে সাহায্য করাটা প্রয়োজন বৈকি।" ইইউ এর পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিশনার বেনিতা ফেরেরো-ওয়াল্ডনার বলেছেন, ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিযার সোলানা এবং সুইডিশ পররাষ্ট্রমন্ত্রীরা ফেব্র"য়ারিতে পাকিস্তান সফর করবেন। চেক রিপাবলিকের পর সুইডেন ইইউ প্রেসিডেন্ট হবে। ফেরেরো বলেন, "আজকের দিনে সন্ত্রাসের পরিমন্ডলে পাকিস্তান অনেক বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে আছে। সেইসঙ্গে অর্থনৈতিক চ্যালেঞ্জও আছে। এই কঠিন সময়ে আমাদের কাছ থেকে তাদের পূর্ণ সমর্থন পাওয়া উচিত বলেই আমি মনে করি।" ফেরেরো পাকিস্তানের জঙ্গি বিরোধী অভিযানের প্রশংসা করেন। তিনি বলেন, ইইউ পাকিস্তান ও ভারতের মধ্যে সংহতি প্রক্রিয়া এবং মুম্বাই হামলার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের আঞ্চলিক উদ্যোগ উৎসাহিত করতে চায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৩৩ ঘ.