২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ভয় দেখানোর ব্যর্থ নীতি পরিবর্তনের আশায় ইরান

ইরান জানিয়েছে, তারা কখনোই পরমাণু কর্মসূচি বন্ধ করবে না। একই সঙ্গে এ বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের ভীতি প্রদর্শনের ব্যর্থ নীতি পরিবর্তন করবে বলে তারা আশা করছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2008, 12:27 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

তেহরান, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান জানিয়েছে, তারা কখনোই পরমাণু কর্মসূচি বন্ধ করবে না। একই সঙ্গে এ বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের ভীতি প্রদর্শনের ব্যর্থ নীতি পরিবর্তন করবে বলে তারা আশা করছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার একথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা গত রোববার জানিয়েছেন, ইরান পরমাণু কর্মসূচি ত্যাগ করলে দেশটিকে আর্থিক সহযোগিতা দিতে তিনি প্রস্তুত। তবে ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাদের বিরুদ্ধে অবরোধ আরও জোরদার করা হবে বলে তিনি সতর্ক করে দেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হাসান কাশকাভি সাংবাদিকদের বলেন, "ইরানকে পরমাণু কর্মসূচি ত্যাগ করাতে যুক্তরাষ্ট্র যদি তাদের পূর্বের নীতিতে অটল থাকে তাহলে আমাদের জবাব হবে: ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বন্ধ করবে না।" একই সঙ্গে তিনি বলেন, "ওয়াশিংটন যদি ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে উদ্বেগের অবসান চায় তাহলে এ ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে রাজি আছি। তবে আমরা এখন আশা করছি ইরানের পরমাণু প্রযুক্তির অধিকারের বিষয়টি তারা মেনে নেবে।" "যুক্তরাষ্ট্রের পুরানো নীতি হল ভয় দেখানোর। এটার পরিবর্তন দরকার এবং তা হওয়া উচিত পারস্পরিক সহযোগিতা নির্ভর।" বলেন কাশকাভি। পশ্চিমাদের অভিযোগ, ইউরেনিয়ম সমৃদ্ধকরণ কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে ইরান। অন্যদিকে, ইরান এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচির লক্ষ্য বিদ্যুৎ উৎপাদন করা। একইসঙ্গে ইরান আরও বলছে, ইউরেনিয়ম সমৃদ্ধকরণ কর্মসূচি তাদের একটি জাতীয় অধিকার এবং তারা এটি পরিহার করবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮১০ ঘ.