২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী নির্বাচনে দ্রুত ভোটাভুটি চায় থাই বিরোধীদল

নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে জরুরি ভিত্তিতে পার্লামেন্টে ভোটাভুটির আহ্বান জানিয়েছে থাইল্যান্ডের বিরোধীদল ডেমোক্র্যাট পার্টি। একই সঙ্গে সরকার গঠনের জন্য তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে বলে আবারও দাবি করেছে দলটি। সোমবার পার্লামেন্টের স্পিকারের কাছে এক পিটিশনে ডেমোক্র্যাট পার্টি জানিয়েছে, আগামী ১২ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে ভোট হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2008, 12:03 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ব্যাংকক, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে জরুরি ভিত্তিতে পার্লামেন্টে ভোটাভুটির আহ্বান জানিয়েছে থাইল্যান্ডের বিরোধীদল ডেমোক্র্যাট পার্টি। একই সঙ্গে সরকার গঠনের জন্য তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে বলে আবারও দাবি করেছে দলটি। সোমবার পার্লামেন্টের স্পিকারের কাছে এক পিটিশনে ডেমোক্র্যাট পার্টি জানিয়েছে, আগামী ১২ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে ভোট হতে পারে। নির্বাচনী জালিয়াতির অভিযোগে ক্ষমতাসীন জোটের প্রধান দল থাকসিনপন্থি পিপল পাওয়ার পার্টিকে (পিপিপি) গত বুধবার আদালত নিষিদ্ধ করে। আদালত প্রধানমন্ত্রী সোমচাই ওয়াংসোয়াতকেও দুই বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করে। এর ফলে পার্লামেন্টকে এখন প্রধানমন্ত্রী সোমচাইয়ের জায়গায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। ডোমোক্র্যাট পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী প্রার্থী অভিসিত ভেজ্জাজিভা সোমবার সাংবাদিকদের বলেন, "অন্যান্য দলগুলোর সঙ্গে আমরা আলোচনা করেছি। ডেমোক্র্যাট পার্টির নেতৃত্বে সরকার গঠনে তারা সহযোগিতা করবে বলে জানিয়েছে।" পার্লামেন্টের স্পিকার চাই চিচব জানিয়েছেন, পিটিশনটি যাচাইয়ের পর তিনি ভোটাভুটির জন্য তারিখ নির্ধারণ করবেন। পার্লামেন্ট অধিবেশন আহ্বানের জন্য রাজার সম্মতি প্রয়োজন হবে। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাপন্থি দল গত রোববার দাবি করে, জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা তাদের আছে। আদালত পিপিপিকে নিষিদ্ধ করায় দলটি নতুন করে পুয়া থাই নামে যাত্রা শুরু করেছে। থাকসিনের থাই রক থাই পার্টিকে নিষিদ্ধ করার পর সেটি ভেঙে পিপিটি গঠন করা হয়েছিল। পুয়া থাই পার্টির উপ-নেতা কানাওয়াত ওয়াসিনসুংগরম রোববার বলেন, "এখন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২২২টি ভোটের চেয়েও বেশি ভোট আমাদের আছে। আমাদের সাবেক জোট মিত্ররা আমাদের সঙ্গে যোগ দেবে।" বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টি এর আগে গত শনিবার দাবি করে, ক্ষমতাসীনের জোটের কয়েকটি শরিকদল তাদের সঙ্গে যোগ দিয়ে সরকার গঠনে রাজি হয়েছে। এরপর গত রোববারও ডেমোক্র্যাট দলের মুখপাত্র বুরানজা সমুথারাকস জানান, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ভোটের চেয়েও অনেক বেশি ভোট তাদের পক্ষে আছে। রয়টার্সকে তিনি বলেন, "গতকাল আমরা যেমনটি বলেছিলাম আজও তা নিশ্চিত করে বলছি, আমাদের পক্ষে এখন ২৬০টি ভোট আছে।" শনিবার এক সংবাদ সম্মেলনে সাবেক জোটের চারটি শরিকদলের কয়েকজন শীর্ষ নেতাকে হাজির করে ডেমোক্র্যাট পার্টি জানায়, এরা এখন তাদের সঙ্গে যোগ দেবেন। এছাড়া পিপিপি'র কিছু নেতাও তাদের সঙ্গে আছেন বলে দলটি দাবি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৪০ ঘ.