ওয়াশিংটন, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের মুম্বাইয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় পাকিস্তানের মাটি ব্যবহৃত হয়েছে। জঙ্গিরা যে পাকিস্তানের মাটি থেকে এ তৎপরতা চালিয়েছে এতে কোনও সন্দেহ নেই। যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্কগুলোর সঙ্গে সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস রোববার একথা বলেছেন। পাশাপাশি তিনি আবারও দায়ী ব্যক্তিদের বিচারের জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানান।
ভারতের কাছ থেকে মুম্বাই হামলায় পাকিস্তানি জঙ্গিদের জড়িত থাকার প্রমাণ দাবি করেছে ইসলামাবাদ। কিন্তু এরই মধ্যে রাইস স্পষ্ট করে বললেন, মুম্বাই হামলায় জড়িত জঙ্গিরা পাকিস্তানের মাটি থেকে ওই হামলা চালিয়েছে এ ব্যাপারে তার কোনও সন্দেহ নেই। যদিও তিনি বলেছেন, হামলাকারীদের কোনও রাষ্ট্র নেই।
রাইস বলেন, ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ঝুঁকির মুখে আছে। পাকিস্তানকে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে।
মুম্বাই হামলায় ভারত পাক জঙ্গিদের হাত থাকার অভিযোগ করে আসলেও পাকিস্তান এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং ঘটনাটি তদন্তে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২২৩ ঘ.
bdnews24