২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে থাকসিনপন্থি দলের সংখ্যাগরিষ্ঠতা দাবি

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাপন্থি দল রোববার দাবি করেছে, জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা তাদের আছে। নির্বাচনী জালিয়াতির অভিযোগে ক্ষমতাসীন জোটের প্রধান দল থাকসিনপন্থি পিপল পাওয়ার পার্টিকে (পিপিপি) গত বুধবার আদালত নিষিদ্ধ করে। আদালত প্রধানমন্ত্রী সোমচাই ওয়াংসোয়াতকেও দুই বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করে। এর ফলে পার্লামেন্টকে এখন প্রধানমন্ত্রী সোমচাইয়ের জায়গায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 01:45 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ব্যাংকক, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাপন্থি দল রোববার দাবি করেছে, জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা তাদের আছে। নির্বাচনী জালিয়াতির অভিযোগে ক্ষমতাসীন জোটের প্রধান দল থাকসিনপন্থি পিপল পাওয়ার পার্টিকে (পিপিপি) গত বুধবার আদালত নিষিদ্ধ করে। আদালত প্রধানমন্ত্রী সোমচাই ওয়াংসোয়াতকেও দুই বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করে। এর ফলে পার্লামেন্টকে এখন প্রধানমন্ত্রী সোমচাইয়ের জায়গায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। আদালত পিপিপিকে নিষিদ্ধ করায় দলটি নতুন করে পুয়া থাই নামে যাত্রা শুরু করেছে। থাকসিনের থাই রক থাই পার্টিকে নিষিদ্ধ করার পর সেটি ভেঙে পিপিটি গঠন করা হয়েছিল। পুয়া থাই পার্টির উপ-নেতা কানাওয়াত ওয়াসিনসুংগরম বলেন, "এখন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২২২টি ভোটের চেয়েও বেশি ভোট আমাদের আছে। আমাদের সাবেক জোট মিত্ররা আমাদের সঙ্গে যোগ দেবে।" বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টি শনিবার দাবি করে, ক্ষমতাসীনের জোটের কয়েকটি শরিকদল তাদের সঙ্গে যোগ দিয়ে সরকার গঠনে রাজি হয়েছে। তাদের দাবির পাল্টা জবাব হিসেবে পুয়া থাই এই ঘোষণা দিল। তবে ডেমোক্র্যাটিক দলের মুখপাত্র বুরানজা সমুথারাকস রোববার জানিয়েছেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ভোটের চেয়েও অনেক বেশি ভোট তাদের পক্ষে আছে। রয়টার্সকে তিনি বলেন, "গতকাল আমরা যেমনটি বলেছিলাম আজও তা নিশ্চিত করে বলছি, আমাদের পক্ষে এখন ২৬০টি ভোট আছে।" শনিবার এক সংবাদ সম্মেলনে সাবেক জোটের চারটি শরিকদলের কয়েকজন শীর্ষ নেতাকে হাজির করে ডেমোক্র্যাটিক পার্টি জানায়, এরা এখন তাদের সঙ্গে যোগ দেবেন। এছাড়া পিপিপি'র কিছু নেতাও তাদের সঙ্গে আছেন বলে দলটি দাবি করে। ডেমোক্র্যাটিক পার্টির মহাসচিব সুথেপ থাগসুবান সংবাদ সম্মেলনে বলেন, "দেশের বর্তমান অর্থনৈতিক সমস্যা এবং থাই জনগনের অনুভূতি আমরা বুঝি। সংকট সমাধানে আমরা একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।" প্রধানমন্ত্রী সোমচাইয়ের পদত্যাগ দাবিতে আন্দোলনরত সরকারবিরোধী পিপলস্ অ্যালায়েন্স ফর ডেমোক্র্যসি (পিএডি) কয়েকদিন ধরে ব্যাংককের প্রধান দুটি বিমানবন্দর অবরোধ করে রাখার পর গত বুধবার আদালত পিপিপি এবং সোমচাইকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর বিমানবন্দর থেকে অবরোধ তুলে নেয় পিএডি। তবে পিএডি জানিয়েছে নতুন সরকার তাদের পছন্দ না হলে আবার রাজপথে বিক্ষোভ শুরু করবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৪০ ঘ.