নয়াদিল্লি, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছে ভূয়া ফোন কলের খবরের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এর মধ্য দিয়ে পাকিস্তান মুম্বাই হামলার প্রকৃত সত্য থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে চাইছে বলে ভারত রোববার অভিযোগ করেছে।
পাকিস্তানের ডন পত্রিকা শনিবার জানায়, ভারতের পররাষ্টমন্ত্রীর পরিচয়ে এক ব্যক্তি প্রেসিডেন্ট জারদারির সঙ্গে টেলিফোনে হুমকির স্বরে কথা বললে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়। মুম্বাইয়ে ভয়াবহ জঙ্গি হামলার দুদিন পর এই ভুয়া টেলিফোনটি করা হয়।
পত্রিকার খবরটি ঠিক কীনা জানতে চাইলে ফোনালাপটি সম্পর্কে অবগত একজন পাকিস্তানি কূটনীতিক রয়টার্সকে বলেন, "ঘটনাটি সত্য।" ফোনকারী প্রেসিডেন্ট জারদারির সমঝোতামূলক কথাবার্তাকে উপেক্ষা করে সরাসরি হুমকি দিয়ে বলেন, মুম্বাইয়ে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নিলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে।
রোববার এর প্রতিক্রিয়া জানিয়ে প্রকাশিত এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি বলেন, "আমি কেবল এটুকুই বলতে পারি যে, পাকিস্তানের মাটি থেকে একটি সন্ত্রাসী গ্র"পের তৎপরতা, তাদের মুম্বাই হামলা চালানোর পরিকল্পনা ও তা বাস্তবায়নের প্রকৃত সত্য থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই একের পর এক এসব ঘটানো হচ্ছে।"
ডনের প্রতিবেদনে বলা হয়, ওই হুমকির পরবর্তী ২৪ ঘণ্টা পাকিস্তান বিমান বাহিনীকে "সর্বোচ্চ সতর্কাবস্থায়" রাখা হয়। ভারত কোন আগ্রাসী তৎপরতা শুরু করছে কীনা সে দিকে উদ্বেগের সঙ্গে লক্ষ রাখতে থাকে সেনাবাহিনী।
প্রণব মুখার্জি বলেন, "প্রতিবেশী দেশটি ওই ধরনের ভূয়া ফোনের ভিত্তিতে এরকম সতর্ক ব্যবস্থা নেবে, আবার এ ধরনের খবর ছেপে জনগণকে বিভ্রান্ত করে অন্য রাষ্ট্রের কাছে তা বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করবে-- এটি উদ্বেগের ব্যাপার।"
পাকিস্তান সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ডনের খবরটি তারা খতিয়ে দেখছেন।
পত্রিকাটি জানায়, এ ধরনের ফোনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশটির দূতাবাসের মাধ্যমে ফোনকারীর পরিচয় নিশ্চিত হওয়ার প্রক্রিয়া না মেনেই প্রেসিডেন্টের কয়েকজন কর্মকর্তা ফোনকারীকে জারদারির সঙ্গে কথা বলার সুযোগ করে দেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির পরিচয়ে ওই ব্যক্তি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের সঙ্গেও কথা বলার চেষ্টা চালায়। কিন্তু মার্কিন কর্মকর্তারা সুনির্দিষ্ট কয়েকটি বিষয়ে সত্যাসত্য নির্ধারণের মধ্যে দিয়ে গেলে ওই চেষ্টা ব্যর্থ হয়।
নাম না প্রকাশ করে পত্রিকাটি কূটনীতিক, রাজনীতিক ও নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায়, ওই ফোনের পর আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গন তৎপর হয়ে উঠে। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ দুর্ঘটনাবশত একটি যুদ্ধের দিকে চলে যাচ্ছে মনে করে আতঙ্কিত হয়ে ওঠেন বিশ্বনেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৫ ঘ.
bdnews24