২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনকে উপেক্ষা করে দালাই লামার সঙ্গে বৈঠক সারকোজির

চীনের আপত্তি উপেক্ষা করে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে শনিবার বৈঠক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। তিব্বত পরিস্থিতি নিয়ে দালাই লামার উদ্বেগের সঙ্গে ইউরোপের একত্মতা প্রকাশ করেন সারকোজি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 08:06 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

পোল্যান্ড, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনের আপত্তি উপেক্ষা করে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে শনিবার বৈঠক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। তিব্বত পরিস্থিতি নিয়ে দালাই লামার উদ্বেগের সঙ্গে ইউরোপের একত্মতা প্রকাশ করেন সারকোজি। সারকোজির সঙ্গে দালাই লামার এ বৈঠককে চীন 'তিব্বত সমস্যা সামাল দিতে ফ্রান্সের সুবিধাবাদী, হঠকারী এবং অদূরদর্শী পন্থা' আখ্যা দিয়েছে। যদিও সারকোজি বলেছেন, তিব্বতকে তিনি চীনের অংশ হিসাবেই গণ্য করেন এবং তার বৈঠক নিয়ে 'নাটকীয়তা' করার কোনও প্রয়োজন নেই। দালাই লামার সঙ্গে আধ ঘন্টার বৈঠকের পর সাংবাদিকদের সারকোজি বলেন, "বৈঠক খুব ভালো হয়েছে.. আর চীনও খুব ভালো করেই জানত এ বছর শেষের আগেই বৈঠকটি অনুষ্ঠিত হবে।" চীন গত বৃহস্পতিবার সারকোজির প্রতি দালাই লামার সঙ্গে বৈঠক বাতিলের আহ্বান জানায়। ওইদিন চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ জিয়ানচাও বলেন, দালাই লামার সঙ্গে সারকোজির প্রস্তাবিত বৈঠকে চীনের জনগণ অসন্তুষ্ট। শনিবার বৈঠকের পর এর নিন্দা জানিয়ে চীন বলেছে, "এটি একটি কাণ্ডজ্ঞানহীন পদক্ষেপ। এটি কেবল চীনা জনগণের অনুভূতিতেই আঘাত হানেনি বরং চীন-ফ্রান্স সম্পর্কও ক্ষুন্ন করেছে।" চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক মন্তব্য প্রতিবেদনে একথা বলেছে। ওদিকে, বৈঠকের পর সরকোজি জানান, দালাই লামা তাকে বলেছেন, তিনি তিব্বতের স্বাধীনতা চান না। আর সারকোজিও তাকে বলেছেন, বিষয়টি নিয়ে চীনের সঙ্গে তার (দালাই লামা) আলোচনার বিষয়টিকে তিনি অত্যন্ত গুরুত্ব দেন। তিব্বত পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে সারকোজি বলেন, "তিব্বত নিয়ে দালাই লামার উদ্বেগে ইউরোপও উদ্বিগ্ন। আমরা তিব্বত প্রসঙ্গ নিয়ে ব্যাপক আলোচনাও করেছি।" এর আগে গত বৃহস্পতিবার তিব্বতের জন্য দালাই লামার স্বায়ত্তশাসনের দাবি মেনে নেওয়ার কোনও সুযোগ নেই বলে জানায় চীন। সিনহুয়া বার্তা সংস্থার দুটি মন্তব্য প্রতিবেদনে এদিন দালাই লামার নিন্দা জানিয়ে বলা হয়, "চীন যে তিব্বতিদের ধর্মীয় ও রাজনৈতিক স্বাধীনতা দিতে পারে সেদিকটি দালাই লামা উপেক্ষা করছেন। আর তার স্বায়ত্তশাসনের দাবি মেনে নিলে মারাত্মক জাতিগত বিভক্তির ঝুঁকি বাড়বে।" প্রতিবেদন দুটির একটিতে আরও বলা হয়, "চীনে জাতিগত আঞ্চলিক স্বায়ত্তশাসন বাস্তবায়নের ব্যানার উড়িয়ে, তথাকথিত বৃহত্তর তিব্বত এবং এর উচ্চ-পর্যায়ের স্বায়ত্তশাসনের রাজনৈতিক দাবির ওপর জোর দিয়ে দালাই লামা তিব্বতের জনগণের মৌলিক স্বার্থ পুরোপুরি ক্ষুন্ন করছেন।" দালাই লামা তিব্বতের জন্য 'উচ্চ-পর্যায়ের স্বায়ত্তশাসন' দাবি করে আসছেন যার মধ্য দিয়ে তিব্বতিরা স্বার্বভৌম চীনে আত্মনিয়ন্ত্রণাধিকার পাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪০০ ঘ.