ওয়াশিংটন ডিসি, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুব কেউকেটা না হলে সেখানে যাওয়ার আশাই করেন না কেউ। কিন্তু অতি সাধারণ একদল সুবিধাবঞ্চিত মানুষ খুব কাছ থেকে দেখতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামার অভিষেক অনুষ্ঠান!
বিস্ময় জাগানো এ ঘটনার নেপথ্যেও রয়েছেন এক কালো আমেরিকান, ধনাঢ্য ব্যবসায়ী ৬০ বছর বয়সী আর্ল স্ট্যাফোর্ড। ভার্জিনিয়ার এক টেকনোলজি কোম্পানির প্রতিষ্ঠাতা তিনি।
নানাভাবে সুবিধাবঞ্চিত একদল মানুষ যাতে ২০ জানুয়ারির ওই জমকালো অনুষ্ঠান সরাসরি উপভোগ করতে পারেন সেজন্য এগিয়ে এসেছেন তিনি।
স্ট্যাফোর্ড বলছেন, রূপকথার গল্পের মতো ওবামার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার ঘটনাই তার এ দরাজদিল হওয়ার পেছনের প্রেরণা।
মিলিয়ন ডলারের বেশি টাকা খরচ করছেন তিনি এজন্য। সাধারণ,অখ্যাত ওই মার্কিনিরা যাতে ঐতিহাসিক ঘটনাটি সচক্ষে দেখে উপভোগ করতে পারেন সেজন্য পার্শ্ববর্তী পেনসিলভেনিয়া এভিনিউর হোটেল ম্যারিওটে তিন রাতের জন্য তিন তিনশ' কক্ষ বুক করেছেন তিনি!
অভিষেক অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক চাহিদা সত্ত্বেও ম্যারিয়টের ১০ লাখ ডলারের "বিল্ড ইওর ওন বল" প্যাকেজ কিনতে সক্ষম হয়েছেন স্ট্যাফোর্ড। কেবল তাই নয়, বল-এ অংশগ্রহণকারীদের টাক্সিডো জ্যাকেট ও বল গাউন পর্যন্ত কিনে দিতে রাজি তিনি।
ওবামার অভিষেক অনুষ্ঠানের প্রধান প্যারেড হবে পেনসিলভেনিয়া এভিনিউ-এ।
এ বিষয়ে এবিসি নিউজকে স্ট্যাফোর্ড বলেন, "আমরা আশা করছি যারা এ ঘটনার অংশ হওয়ার কল্পনাই করেননি তারা অন্যতম সেরা আসনে বসে সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে পারবেন।"
স্ট্যাফোর্ড বলেন, "সমাজের প্রান্তিক, গুরুতর অসুস্থ ও যুদ্ধাহত প্রবীণরা এর মাধ্যমে অনুষ্ঠানটি দেখার সুযোগ পাবেন। আমরা বাদ দিতে চাইনা তরুণ প্রজন্মকেও।"
অতিথিদের কমপক্ষে এক-তৃতীয়াংশ থাকবেন সমাজের সুবিধাবঞ্চিতরা। এদের মধ্যে থাকবেন গৃহহীন এবং গার্হস্থ্য সহিংসতা ও হ্যারিকেন ক্যাটরিনায় ক্ষতিগ্রস্তরা।
অনেকেই মনে করছেন, যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট ওবামার অভিষেক অনুষ্ঠান হবে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় অভিষেক অনুষ্ঠান।
ঐতিহাসিক ওই অনুষ্ঠানকে ঘিরে ওয়াশিংটনে কর্মকর্তারা ব্যস্ত সময় কাটাচ্ছেন। ধারণা করা হচ্ছে, সেদিন ৪০ লাখের মতো লোকের সমাবেশ হবে ওয়াশিংটন ডিসিতে।
তবে রাজধানীতে বিপুল এ লোকসমাগম হলেও তাদের নগণ্য অংশই মাত্র সরাসরি দেখতে পাবেন অভিষেকের অনুষ্ঠানগুলো। কিন্তু স্ট্যাফোর্ডের অতিথিরা পেতে যাচ্ছেন ভিআইপি মর্যাদা। হোটেলের বারো তলার ব্যালকনি থেকে প্যারেড দেখার সুযোগ থাকবে শুধু তাদেরই।
স্ত্রী আমান্ডা বললেন, সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি দেখার জন্যই এটা করছেন তারা।
"আমাদের এ কাজ হয়তো অন্যদের অনুপ্রাণিত করবে। তারা হয়তো ভাববে, 'একটু না হয় টানাটানিই যাচ্ছে ; তাই বলে লোককে একটু সাহায্য করি না কেন'!"
এরপরও কারো সন্দেহ না গেলে তারা হয়তো স্ট্যাফোর্ডের ধর্মকথায় বুঝবেন। ব্যাপটিস্ট যাজকের ছেলে স্ট্যাফোর্ডের কথা, " কেউ একজন একদা বলেছিলেন, বড় করেই ভাবো ঈশ্বরকে ঠিকই পাশে পাবে।"
"অন্যদের ভালো করতে চাইলে ঈশ্বর আপনারও ভালো করবে,"বলেন এই ব্যবসায়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এসকে/০১০৩ ঘ.
bdnews24