ইসলামাবাদ, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--ভারতের পররাষ্টমন্ত্রীর পরিচয়ে এক ব্যক্তি গত ২৮ নভেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে টেলিফোনে হুমকির স্বরে কথা বললে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়। মুম্বাইয়ে ভয়াবহ জঙ্গি হামলার দুদিন পর এই ভুয়া টেলিফোনটি করা হয়। পাকিস্তানের ডন পত্রিকা শনিবার এই তথ্য জানিয়েছে।
পত্রিকার খবরটি ঠিক কি-না জানতে চাইলে ফোনালাপটি সম্পর্কে অবগত একজন পাকিস্তানি কূটনীতিক রয়টার্সকে বলেন, "ঘটনাটি সত্য।"
ফোনকারী প্রেসিডেন্ট জারদারির সমঝোতামূলক কথাবার্তাকে উপেক্ষা করে সরাসরি হুমকি দিয়ে বলেন, মুম্বাইয়ে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নিলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে।
ডনের প্রতিবেদনে বলা হয়, ওই হুমকির পরবর্তী ২৪ ঘণ্টা পাকিস্তান বিমান বাহিনীকে "সর্বোচ্চ সতর্কাবস্থায়" রাখা হয়। ভারত কোনো আগ্রাসী তৎপরতা শুরু করছে কি-না সে দিকে উদ্বেগের সঙ্গে লক্ষ্য রাখতে থাকে সেনাবাহিনী।
পাকিস্তান সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ডনের খবরটি তারা খতিয়ে দেখছেন। জারদারি বর্তমানে রাষ্ট্রীয় সফরে তুরস্কে অবস্থান করছেন।
পত্রিকাটি জানায়, এ ধরনের ফোনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশটির দূতাবাসের মাধ্যমে ফোনকারীর পরিচয় নিশ্চিত হওয়ার প্রক্রিয়া না মেনেই প্রেসিডেন্টের কয়েকজন কর্মকর্তা ফোনকারীকে জারদারির সঙ্গে কথা বলার সুযোগ করে দেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির পরিচয়ে ওই ব্যক্তি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের সঙ্গেও কথা বলার চেষ্টা চালায়। কিন্তু মার্কিন কর্মকর্তারা সুনির্দিষ্ট কয়েকটি বিষয়ে সত্যাসত্য নির্ধারণের মধ্যে দিয়ে গেলে ওই চেষ্টা ব্যর্থ হয়।
নাম না প্রকাশ করে পত্রিকাটি কূটনীতিক, রাজনীতিক ও নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায়, ওই ফোনের পর আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গন তৎপর হয়ে উঠে। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশি দেশ দুর্ঘটনাবশত একটি যুদ্ধের দিকে চলে যাচ্ছে মনে করে আতঙ্কিত হয়ে ওঠেন বিশ্বনেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৩৫ ঘ.
bdnews24