পেশোয়ার, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে শুক্রবারের গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জন হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে ৫০ জন। কর্মকর্তারা এতথ্য জানিয়েছেন।
নগরীতে একটি ঘিঞ্জি এলাকায় শিয়াদের এক সম্মেলন কেন্দ্রের কাছে এ বোমা হামলা চালানো হয়। বিস্ফোরণে একটি ভবন সম্পূর্ণ পুড়ে যায়। আরও ডজন খানেক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় অধিবাসী রহিম গুল খালি হাতেই ধ্বংসস্তুপ সরানোর সময় বলেন, "বিস্ফোরণে ভূমিকম্পের মতো সাড়া এলাকা কেঁপে উঠেছে। এটা একটা ভয়াবহ বিস্ফোরণ। আমরা এসে দেখতে পাই সব ধ্বংস হয়ে গেছে। চারিদিকে ধ্বংসস্তুপ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।"
পেশোয়ারের প্রধান সরকারি হাপাতালের প্রধান চিকিৎসক খাজির হায়াত জানান, হামলায় কমপক্ষে ২০ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। তিনি জনগণের প্রতি আহতদের জন্য রক্তদানের আহ্বান জানান।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরকভর্তি গাড়িটি সম্মেলন কেন্দ্রের কাছেই পার্ক করে রাখা ছিল। এটা আত্মঘাতী হামলা নাকি দূর নিয়ন্ত্রণের মাধ্যমে গাড়িটিকে বিস্ফোরিত করা হয়েছে এ বিষয়ে তারা নিশ্চিত নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩১৯ ঘ.
bdnews24