২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই হামলাকারীদের কয়েকজনই হয়তো বেঁচে আছে: মার্কিন বিশেষজ্ঞ

মুম্বাই হামলাকারীদের বেশ কয়েকজনই হয়তো বেঁচে আছে। মার্কিন বিশ্লেষকরা বৃহস্পতিবার এ কথা বলছেন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের সাবেক সদস্য এবং র‌্যান্ড কর্পোরেশনের সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ক বিশ্লেষক ফারহানা আলী বলেন, "আমি মনে করি আরও বেশি হামলাকারী ছিল। আমার সুত্রগুলো বলছে, কমপক্ষে ২৩ জন ওই হামলা চালিয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2008, 06:32 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাই হামলাকারীদের বেশ কয়েকজনই হয়তো বেঁচে আছে। মার্কিন বিশ্লেষকরা বৃহস্পতিবার এ কথা বলছেন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের সাবেক সদস্য এবং র‌্যান্ড কর্পোরেশনের সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ক বিশ্লেষক ফারহানা আলী বলেন, "আমি মনে করি আরও বেশি হামলাকারী ছিল। আমার সুত্রগুলো বলছে, কমপক্ষে ২৩ জন ওই হামলা চালিয়েছে।" জঙ্গি নেটওয়ার্ক বিষয়ে বিশেষজ্ঞ ফারহানা মুম্বাইয়ে ১৭১ জনের হত্যাযজ্ঞের কয়েকদিন আগে শহরটি ঘুরে গেছেন। তিনি বলেন, হামলাকারীর সংখ্যা সম্পর্কে তিনি পাকিস্তান থেকে তথ্য পেয়েছেন। তবে তিনি তার সুত্র সম্পর্কে বিস্তারিত জানাননি। ফারহানা বলেন, "সূত্রের দেওয়া তথ্য যদি সত্যি হয়, তবে আরও বেশি স্থানে হামলা না হওয়ায় আমি অবাক হচ্ছি। তারা কী ঘাপটি মেরে আছে? আমি মনে করি ভারতীয় কর্তৃপক্ষকে এ ব্যাপারে আরও বেশি সজাগ থাকতে হবে।" মার্কিন সরকারের সামরিক ও সন্ত্রাসদমন বিভাগের কর্মকর্তাদের সামনে বক্তব্য রাখছিলেন ফারহান। ভারতীয় কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী হামলাকারী ছিল ১০ জন। এদের মধ্যে একজন ধরা পড়েছে। নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়াইয়ে বাকিরা নিহত হয়। ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্রও ওই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যেবাকে দায়ি করেছে। তবে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ দমন শাখার এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, "লস্কর-ই-তৈয়্যেবার আরও সদস্য মুম্বাইয়ে থেকে যেতে পারে। তবে এখনো সব তথ্য না পাওয়ায় আমাদের অপেক্ষা করতে হবে। সন্ত্রাসবাদ মোকাবেলা বিষয়ে মার্কিন জেনারেল ডেভিড পেট্রেয়াস ও পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের অন্যতম উপদেষ্টা ডেভিড কলিচুলেনেরও ধারণা, মুম্বাই হামলায় অংশ নিয়েছিল আরোও বেশি লোক। হামলাকারীদের জাল পরিচয়পত্র, পশ্চিমা পোশাক ও মসৃণ দাঁড়ি কামানো চেহারা বিবেচনায় নিয়ে কলিচুলেন মনে করেন, তাদের মিশনটি আত্মঘাতী ছিল না। তিনি বলেন, "৯ জনকে হত্যা এবং একজনকে গ্রেপ্তারেরভিত্তিতে ভারতীয়রা বলছে, হামলাকারীর সংখ্যা ছিল ১০। কিন্তু অবস্থাদৃষ্টে আরও বেশি হামলাকারীর ছিল এটা ভাবা যেতেই পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১২২৪ ঘ.