বেইজিং, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- তিব্বতের জন্য দালাই লামার স্বায়ত্তশাসনের দাবি মেনে নেওয়ার কোনও সুযোগ নেই বলে জানিয়েছে চীন। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির সঙ্গে দালাই লামার বৈঠকের আগে তিব্বত বিষয়ে তার অবস্থানের নিন্দা জানিয়ে চীন বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা বলেছে।
সিনহুয়া বার্তা সংস্থার দুটি মন্তব্য প্রতিবেদনে বৃহস্পতিবার দালাই লামার নিন্দা জানিয়ে বলা হয়, "চীন যে তিব্বতিদের ধর্মীয় ও রাজনৈতিক স্বাধীনতা দিতে পারে সেদিকটি দালাই লামা উপেক্ষা করছেন। আর তার স্বায়ত্তশাসনের দাবি মেনে নিলে মারাত্মক জাতিগত বিভক্তির ঝুঁকি বাড়বে।"
প্রতিবেদন দুটির একটিতে আরও বলা হয়, "চীনে জাতিগত আঞ্চলিক স্বায়ত্তশাসন বাস্তবায়নের ব্যানার উড়িয়ে, তথাকথিত বৃহত্তর তিব্বত এবং এর উচ্চ-পর্যায়ের স্বায়ত্তশাসনের রাজনৈতিক দাবির ওপর জোর দিয়ে দালাই লামা তিব্বতের জনগণের পুরোপুরি মৌলিক স্বার্থ ক্ষুন্ন করছেন।"
বেইজিংয়ের দালাই লামা বিরোধী প্রচারণায় এটিই সর্বশেষ কড়া মন্তব্য।
দালাই লামা তিব্বতের জন্য 'উচ্চ-পর্যায়ের স্বায়ত্তশাসন' দাবি করে আসছেন যার মধ্য দিয়ে তিব্বতিরা স্বার্বভৌম চীনে আত্মনিয়ন্ত্রণাধিকার পাবে।
গত মাসে চীনের কর্মকর্তাদের সঙ্গে দালাই লামার প্রতিনিধিদের আলোচনা হয়েছে। ওই সময় দালাই লামার দূতরা চীনা কর্মকর্তাদের তিব্বতিদের জন্য প্রকৃত স্বায়ত্তশাসন ভোগ করার দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়ার পর চীন এর নিন্দা জানায়।
এবার চীন মন্তব্য প্রতিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দালাই লামার নিন্দা জানাল। শনিবার পোল্যান্ডে সারকোজির সঙ্গে দালাই লামার বৈঠকের প্রাক্কালে এ নিন্দা জানান হলো।
চীন সারকোজির প্রতি দালাই লামার সঙ্গে বৈঠক বাতিল করার আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ জিয়ানচাও বলেছেন, দালাই লামার সঙ্গে সারকোজির প্রস্তাবিত বৈঠকে চীনের জনগণ অসন্তুষ্ট।
এক সংবাদ ব্রিফিংয়ে লিউ বলেন, "ফ্রান্স চীনা জনগণের ন্যায় দাবির প্রতি সাড়া দেবে বলে আমরা আশা করি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/১৭৪৪ ঘ.
bdnews24